২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয় ছাড়া কিছু ভাবছে না তামিমের চট্টগ্রাম

রাত পোহালেই বাংলাদেশের স্বপ্নের কোয়ার্টার ফাইনাল ঘিরে জল্পনা-কল্পনা আর উচ্ছ্বাসে মাতোয়ারা বন্দর নগরী চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 12:10 AM

Updated : 25 Apr 2022, 01:09 PM

বুধবার সকালে নগরীর কেন্দ্রস্থলের শিবির নিয়ন্ত্রিত দুই কলেজে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকলেও সব ছাপিয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ ছিল মূল আলোচনায়।

কেউ কেউ কোর্য়াটার ফাইনালের পর মাশরাফি-রিয়াদ-মুশফিক-সাকিবের কাঁধে ভর করে ফাইনালের স্বপ্ন দেখতেও শুরু করেছেন।

চট্টগ্রামের গণমাধ্যমকর্মী সাব্বির মোহাম্মদ ইরফান তার স্ট্যাটাসে লিখেছেন, “কালকের ম্যাচটা যদি জিততে পারি। আর এরপর কোনোভাবে সেমিফাইনালটা জিতে ফাইনালে প্রতিপক্ষকে হারাতে পারলেই কাপ আমাদের। কালকে ধরে দিবানি।”

শিক্ষার্থী সুপর্না চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজের দেশের খেলা অবশ্যই দেখব। আর সবসময় চাই বাংলাদেশ জিতুক।”

নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা হুমায়রা ইসলাম বলেন, “খেলা তো অবশ্যই দেখব। কালকে বাংলাদেশই জিতবে। বাসায় সবাইকে বলে দিয়েছি একসঙ্গে বসে খেলা দেখব।”

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইসলাম আশি ফেইসবুকে লিখেছেন, কাল বাংলাদেশ জিতলে ভারত নয়- হারবে বিএনপি। সেমিফাইল আর ফাইনালে জিতলে বিএনপির কোনো কর্মসূচি বিষয়ে জনগণের পরোয়া থাকবে না।

“বাংলাদেশ জিততে থাকুক। কেউ যেহেতু সমাধান দিতে পারছে না, মাশরাফিরাই কিছু করুক। হরতাল অবরোধ আর পেট্রোল বোমা আর ভাল্লাগেনা।”

এদিকে নগরীর পাড়া মহল্লাগুলোতেও আড্ডা জমেছে খেলা ঘিরেই।

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকা আর মাঠের চারপাশের আড্ডা ছিল বুধবার শুধু কোয়ার্টার ফাইনাল ঘিরে।

এই স্টেডিয়ামের অদূরে কাজীর দেউরীতে বাড়ি জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের। সেই হিসাবে সেই এলাকাতে কোয়ার্টার ফাইনাল ও বাংলাদেশের ওপেনার তামিমকে নিয়ে সরগরম আলোচনা।

কাজীর দেউরী এলাকার কিশোর হাসান বলেন, তামিম কোয়ার্টার ফাইনালেই লম্বা ইনিংস খেলবে এবং দেশকে জেতাবে।

তার অপর বন্ধু শাহীনও তামিমকে নিয়ে আশাবাদী।  

খেলা নিয়েই কেউ তর্কে জড়িয়েছেন। কেউ যুক্তি তুলে ধরে বলছেন কেন বাংলাদেশ জিতবে। আবার কেউ শুধুই বিশ্বাস রেখে বলছেন- টাইগাররাই জিতবে।

স্টেডিয়াম পাড়ার ক্রীড়া সামগ্রীর দোকানগুলোতেও জার্সির বিক্রি ছিল চোখে পড়ার মতো। ‍

নগরীর পত্রিকা পাড়া খ্যাত চেরাগী পাহাড়ের আড্ডাও সরগরম ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়েই।

এখানে আসা অশেষ সাহা বলেন, “বাংলাদেশই জিতবে। জিতেই আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার তার জবাব দেবে। জয় ছাড়া বিকল্প কিছু ভাবছি না।”

পুরনো খবর:

বাংলাদেশের জয়ের প্রত্যাশায় মুশফিকের বগুড়া
তৃতীয় সেঞ্চুরির আশা মাহমুদুল্লাহর ময়মনসিংহবাসীর