তৃতীয় সেঞ্চুরির আশা মাহমুদুল্লাহর ময়মনসিংহবাসীর
টানা দুই সেঞ্চুরি করে ফর্মের তুঙ্গে থাকা মাহমুদল্লাহ রিয়াদকে নিয়ে উন্মাদনায় মেতে উঠেছে ময়মনসিংহের ক্রিকেটপ্রেমীরা।
ইংল্যান্ডকে হারানো এবং দেশের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে বিয়াদের প্রথম সেঞ্চুরির পর তার বাসা শহরের হিন্দুপল্লীতে ফুল আর মিষ্টি নিয়ে ভিড় করার চিত্র ছিল প্রতিদিনকার।
পরের ম্যাচে নিউ জিল্যান্ডের সঙ্গে হার না মানা সেঞ্চুরির পর রীতিমতো আহ্লাদ আর সমাদরে ভাসছে মাহমুদুল্লাহর পরিবার।
তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারতের লড়াই যেন উন্মাদনার মাত্রা বাড়িয়ে দিয়েছে। বুধবার ময়মনসিংহ শহরে সব ছাপিয়ে আলোচনার বিষয়ও ছিল বাংলাদেশ আর মাহমুদুল্লাহ।
বাংলাদেশের কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে মাহমুদুল্লাহ কি পারবে তার নামের প্রতি সুবিচার করতে- এ ধরনের নানা প্রশ্নে মেতে ছিলেন ক্রিকেটপ্রেমীরা।
আবেগের অতিসহ্যে জয়ের প্রত্যাশায় খণ্ড খণ্ড মিছিলও করেছেন কেউ কেউ।
ওয়াহী, মিজান, সুমন, ঐশ্বি, রাকা নামের তরুণ সমর্থকরা আশা প্রকাশ করেছেন, বৃহস্পতিবারের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে সেমিফাইনাল খেলবে। আর এই খেলায় রিয়াদ টানা তৃতীয় সেঞ্চুরি করে সাঙ্গাকারার পাশে তার নাম লেখাবেন।
রিয়াদের বাবা ওয়াহিদউল্লাহ নবাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার প্রত্যাশা ছেলে ভাল খেলে বাংলাদেশের জয়ে ভূমিকা রাখবে। সেই সঙ্গে টানা তৃতীয় সেঞ্চুরি করে রেকর্ড গড়বে।
