বাংলাদেশের জয়ের প্রত্যাশায় মুশফিকের বগুড়া
ক্রিকেট জ্বরে কাঁপছে মুশফিকুর রহিমের বগুড়া। বাংলাদেশ দলের শুভ কামনায় করে বড় বড় ব্যানার ও বিলবোর্ডে ভরে গেছে পুরো শহর।
রাত পোহালেই প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। এ বিশেষ দিনে অন্য জেলার মতো বগুড়ার বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি চলছে।
এছাড়া বগুড়ার চেলোপাড়ার নির্গমানন্দ সারস্বত আশ্রমে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় কামনায় বগুড়ায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।
বুধবার শহরের বিভিন্ন স্থান ঘুরে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে খেলা দেখার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের ইলেকট্রনিক্স দোকানগুলো বড় টিভিগুলিতে খেলা দেখানোর ব্যবস্থা নিয়েছে।
এদিকে, গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খেলা দেখায় পিছিয়ে নেই। ধুনটে যমুনার কোল ঘেষে গড়ে ওঠা কেও বালিকা উচ্চ বিদ্যালয়ে মনিং শিফটের ছুটির পর বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ক্রিকেটপ্রেমী বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ সামছুল আলম জয় জানান, কলেজের হলরুমে খেলা দেখার জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে।
অনেক কাজ থাকলেও একজন সাবেক খেলোয়াড় হিসেবে সবার সঙ্গে বাংলাদেশ ভারতের খেলা দেখবেন বলে জানান তিনি।
স্থানীয় এক পরিবহন শ্রমিক নবীন চন্দ্র বলেন, “বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলবে। তারপর আমাদের গর্ব আমাদের মুশফিক খেলছে। সকালে সব কাজ বাদ দিয়ে টিভির সামনে বসে খেলা দেখব।”
বাংলাদেশ টিমের সবাই ভাল খেললে বাংলাদেশ দল বিজয়ী হবে এমনটাই আশা করছেন তিনি।
মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনিসহ তার দুই ভাই মোকছেদুল হামিদ ও দেলোয়ার হোসেনসহ পরিবারের সবাই এক সঙ্গে উপভোগ করবেন ।
মুশফিক এবং বাংলাদেশ দলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার বাবা।
