২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীর ৩ রাজাকারের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর তিন রাজাকারের বিরুদ্ধে আগামী ১৯ এপ্রিল চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 10:17 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

এ তিনজন হলেন- কক্সবাজার চেম্বারের সাবেক সভাপতি এলডিপি নেতা সালামত উল্লাহ খান, বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদ মিয়া ও জাকারিয়া সিকদার।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ আদেশ দেন।

এদের মধ্যে সালামত উল্লাহ খান ও বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদ মিয়া গত ১ মার্চ গ্রেপ্তার হলেও জাকারিয়া সিকদার পলাতক রয়েছে।

পুলিশ গত ২ মার্চ সালামত ও রশিদকে ট্রাইব্যুনালে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।

বুধবার এ মামলার তিন আসামির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।

গ্রেপ্তার দু’জনকে এসময় ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের আইনজীবী হিসেবে ছিলেন রেজাউল করিম।

গত ১ মার্চ এ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য ট্রাইব্যুনালে আবেদন জানান প্রসিকিউটর তাপস কান্তি বল। ওইদিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ১৮ মার্চ মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল-২।

এরপর দুপুরে কক্সবাজার শহরে নিজ বাসভবন থেকে সালামতকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের একটি দল। প্রায় একই সময়ে রশিদকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ।


পুলিশ জানায়, মোহাম্মদ রশিদ মিয়া ছিলেন মহেশখালী থানার তৎকালীন কনভেনশন মুসলিম লীগের সভাপতি ও শান্তি কমিটির সাধারণ সম্পাদক। সালামত খান ও জাকারিয়া সিকদার ছিলেন তার সহযোগী।

অভিযোগে বলা হয়েছে, এই তিন ‘রাজাকার’ মুক্তিযুদ্ধের সময় ৩০ এপ্রিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সমর্থক, সংগঠকসহ হিন্দু ধর্মাবলম্বীদের সমূলে নিশ্চিহ্ন করার লক্ষ্যে পাকিস্তানি দখলদার সেনাবাহিনীকে সর্বাত্মক সহায়তার জন্য কক্সবাজার জেলার মহেশখালী থানা শান্তি কমিটি গঠন করে। এরপর থেকে তারা মহেশখালী থানা এলাকায় হত্যা, গণহত্যা, নারী ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিতকরণসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছেন।