চবির বাস হরতালেও চলল
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালে বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস চলাচল শুরু হয়েছে।
বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরতালের মধ্যেও শহর থেকে ক্যাম্পাস অভিমুখে শিক্ষক বাস চলাচল করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজউদদৌলা।
চবি পরিবহন দপ্তরের উপ-পরিচালক মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে পুলিশ প্রহরায় আটটি বাসে করে শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শহর থেকে ক্যাম্পাসে আসেন। দুপুরে বাসগুলো পুনরায় শহরে যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভৌগলিক অবস্থানের পার্থক্য রয়েছে।
“শহর থেকে এ ক্যাম্পাস প্রায় ২২ কিলোমিটার দূরে। এছাড়া হরতালে আগে শিক্ষক বাসে হামলা হয়েছে। এজন্য শিক্ষকদের নিরাপত্তার স্বার্থেই এতদিন হরতালের মধ্যে বাস চলেনি।”
প্রক্টর বলেন, এখন থেকে হরতালের মধ্যেও পুলিশ প্রহরায় শিক্ষক বাস চলবে।
এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হরতালে শিক্ষক বাস চলাচল না করায় বিভিন্ন বিভাগের ক্লাশ-পরীক্ষা বারবার পিছিয়ে যায় এবং একাডেমিক কার্যক্রমে স্থবিরতা আসে।
গত ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে ইউজিসি চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী যে কোনো মূল্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালানোর নির্দেশনা দেন।
ইউজিসির নির্দেশনার পর শুক্র-শনিবারে শিক্ষক বাস চললেও হরতালের সময়ে তা না চলায় শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল, যা নিয়ে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
