২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়পুরে সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত এক যুবলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 02:26 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

নিহত মনু মিয়া রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাইন উদ্দিন জানান।

মনু রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর উল্যাহ দুলাল হাওলাদারের সমর্থক ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। 

তারা জানান, গত শুক্রবার হায়দরগঞ্জের বটতলায় উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদ উল্যাহকে কুপিয়ে জখম করেন মনু মিয়া। এর জের ধরে স্থানীয় আওয়ামী লীগের এই পক্ষ দুটি সংঘর্ষে জড়ায়।

এ সময় চেয়ারম্যানের অনুসারীরা মনু মিয়াকে পিটিয়ে জখম করে এবং দুটি বসত বাড়িতে ভাংচুর চালায়। আহত মনুকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয ঢাকা মেডিকেলে।

সংঘর্ষের পর শনিবার রাতে রায়পুর থানায় পাল্টাপাল্টি মামলা করে দুই পক্ষ।

ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় তার ছেলে উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মনজুরুল হোসেন সুমন যে মামলাটি করেন, তাতে মনু মিয়াসহ ২০ জনকে আসামি করা হয়।

অন্যদিকে দুলাল হাওলাদারের অনুসারী নাদিম হোসেন অন্য মামলাটি করেছেন, যাতে চেয়ারম্যানের ছেলে মনজুরুল হোসেনসহ আসামি করা হয়েছে ২২ জনকে।

রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ বলেন, মনুর মৃত্যুর খবরে এলাকায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।