২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্যাঞ্চলে সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার দাবি

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের সঙ্গে সেনা ও পুলিশ সদস্যদের সংঘর্ষের প্রেক্ষাপটে পার্বত্যাঞ্চল থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবিটি আবার উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 07:19 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

পুরনো খবর:

দীঘিনালায় পুলিশ-সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাহাড়িরা, আহত ১৫
এখন চুক্তিই সমস্যা: সন্তু লারমা

ওই সংঘর্ষের একদিন বাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজধানীতে শিক্ষারত পাহাড়িদের এক সমাবেশ থেকে এক দাবি পুনরায় তোলা হয়, যা পার্বত্য শান্তি চুক্তিরও অঙ্গীকার।

টিএসসির সামনে রাজু ভাস্কযে ঢাকা মহানগর পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লাকী আক্তার সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবিতে সমর্থন জানান।

খাগড়াছড়ির বাবুছড়া থেকে বিজিবি ব্যাটালিয়ন স্থানান্তরের দাবিতে রোববার পাহাড়িদের পদযাত্রা কর্মসূচিতে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আট সেনাসদস্যসহ ১৫ জন আহত হন।

ওই ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে মিছিল বের করে ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করে।    

মিছিলে স্লোগান ছিল- ‘অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করে হবে’, ‘অবিলম্বে পাবর্ত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে’, ‘অবিলম্বে ভূমি অধিকার ফিরিয়ে দিতে হবে’।

সেনা ক্যাম্প সরানোর দাবি জানিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি সুপেন চাকমা বলেন, “১৯৯৭ সালের শান্তি চুক্তি বাস্তবায়িত হলে আজ বাঙালি আদিবাসীদের বসবাসের কোনো সমস্যা হত না, কোনো হত্যাকাণ্ড হত না।”

১৭ বছর আগেই বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে পাহাড়ে সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এর মধ্য দিয়ে পার্বত্যাঞ্চলে রক্তক্ষয় থামলেও চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে পাহাড়িদের।

শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তুলে সুপেন চাকমা বলেন, “অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প সরিয়ে নিন এবং শান্তি চুক্তি বাস্তবায়ন করুন। নইলে জুম্ম জনগণ একবার জঙ্গলে গেলে আর কোনো চুক্তিতে ফিরবে না।”

ছাত্র ইউনিয়ন নেত্রী লাকী আক্তার পাহাড়ে জাতিগত দ্বন্দ্ব উসকে দেওয়ার মতো ঘটনা এড়াতে সবার প্রতি আহ্বান জানান।  

পাহাড়িদের ওপর নির্যাতনের দাবি জানিয়ে তিনি বলেন, “একের পর এক সেনা ক্যাম্প স্থাপনের নামে ভূমি অধিগ্রহণ করে চলছে আদিবাসীদের অস্তিত্ব নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র।”

পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা, স্কুল ও পাঠাগার সম্পাদক নিপুন ত্রিপুরা, সদস্য সুমন লারমা ও হিল উইমেন্স ফেডারেশনের আঁখি চাকমা সমাবেশে বক্তব্য রাখেন।