২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীঘিনালায় পুলিশ-সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাহাড়িরা, আহত ১৫

খাগড়াছড়ির বাবুছড়া থেকে বিজিবি ব্যাটালিয়ন স্থানান্তরের দাবিতে পদযাত্রা কর্মসূচিতে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পাহাড়িদের সংঘর্ষে আট সেনাসদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 01:56 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কারবারি টিলা এলাকায় বাবুছড়া সড়কে এ ঘটনার পর সোমবার দীঘিনালা উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘দীঘিনালা ভূমি রক্ষা কমিটি’।

সেনাবাহিনী দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম বলেন, “আন্দোলনরত পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে পুলিশ ও সেনাসদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় আট সেনাসদস্য আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।”

আহত সেনাসদস্যদের কারও নাম তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এই সেনা কর্মকর্তা।

স্থানীয়রা জানান, দীঘিনালা ভূমি রক্ষা কমিটির পদযাত্রা কর্মসূচি থাকায় সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপজেলার লারমা স্কয়ার, চৌমুনী মাইনী ব্রিজ এলাকাসহ বিভিন্ন স্থানে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। ভূমি রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনকারীরা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাবুছড়ার দিকে যেতে চাইলে সেনাবাহিনী ও পুলিশ কারবারি টিলা এলাকায় তাদের বাধা দেয়।

এ সময় ভূমি রক্ষা কমিটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। পরে আন্দোলনকারীরা বাবুছড়া ও বাঘাইহাট সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেয়।

দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব ধর্মজ্যোতি চাকমা বলেন, গত বছর দীঘিনালার বাবুছড়ায় বিজিবির ৫১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর বসানোয় ২১টি পাহাড়ি পরিবার ঘরবাড়ি হারিয়েছে। ওই ব্যাটালিয়ন অন্যত্র স্থানান্তর, উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে পুনর্বাসন এবং পাহাড়িদের নামে করা মামলা প্রত্যাহার দাবিতে তাদের এই পদযাত্রা ছিল শান্তিপূর্ণ কর্মসূচি।

“কিন্তু সেনাবাহিনী ও পুলিশ কারবারি টিলা এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে কর্মসূচিতে বাধা দেয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় আমাদের সাতজন আহত হয়েছেন।”

তাৎক্ষণিকভাবে আহত কারও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।