২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন চুক্তিই সমস্যা: সন্তু লারমা

প্রায় দেড় যুগেও পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন না হওয়ায় তাতে পাহাড়ে পরিস্থিতি আওতার বাইরে চলে যেতে পারে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন চুক্তি স্বাক্ষরকারী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 08:20 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পার্বত্য শান্তি চুক্তির ১৭ বছর পূর্তিতে মঙ্গলবার ঢাকায় এক সংলাপে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি অন্য আলোচকরাও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

তবে সংলাপে বক্তব্যে চুক্তি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এই চুক্তি পূর্ণ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর সন্তু লারমার সঙ্গে চুক্তি সইয়ের সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখনও ক্ষমতায় রয়েছে এবং সাজেদা চৌধুরী এই দলটির সভাপতিমণ্ডলীরও সদস্য।

১৭ বছর আগেই বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে পাহাড়ে সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যার নেতা সন্তু লারমা ওই গেরিলা যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

চুক্তি সইয়ের ফলে পার্বত্যাঞ্চলে রক্তক্ষয় থামলেও চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে পাহাড়িদের, যার প্রকাশ বিভিন্ন সময়ে ঘটিয়েছেন সন্তু লারমা।

মঙ্গলবার নগরীর সিরডাপ মিলনায়তনে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে নীতি নির্ধারণী সংলাপে’ও নিজের অসন্তোষ প্রকাশ করেন জনসংহতি সমিতির সভাপতি।

তিনি বলেন, “যে উৎসাহ-উদ্দীপনা ও আশা-আকাঙ্ক্ষা নিয়ে শান্তিচুক্তির যাত্রা শুরু হয়েছিল, সে চুক্তি এখন নিজেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের কথা যে চুক্তির, তা আজ সমস্যার বিশেষ এক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে।”

চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য দৃশ্যত সরকারকে দায়ী করে সন্তু লারমা বলেন, যারা এ চুক্তি বাস্তবায়নের জন্য দায়িত্বসম্পন্ন তারাই এ সমস্যার সৃষ্টি করেছে।

“কে বা কারা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে, তা বিতর্কের বিষয়। কিন্তু কেউ না কেউ সমস্যা সৃষ্টি করছে। সেটাই অনুসন্ধান করার দরকার পড়েছে।”

চুক্তি অনুযায়ী পার্বত্য এলাকা থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার না করা, জেলা পরিষদ ও পার্বত্য আঞ্চলিক পরিষদের আইনগত সাংঘর্ষিক অবস্থান, স্থানীয় প্রশাসনের অসহযোগিতা, ভূমি কমিশনের অকার্যকারিতা, ভূমি দখলে বাঙালি-উপজাতি বিপরীত অবস্থান, সেনা অবস্থানের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার অভাবের বিষয়গুলো তুলে ধরেন সন্তু লারমা।

“যেখানে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের চেয়েও অপারেশন উত্তরণের নামে একজন সিপাহী আরও বেশি ক্ষমতাবান, সেখানে চুক্তি বাস্তবায়নের কী অবস্থা সহজেই বোঝা যায়,” বলেন চুক্তি স্বাক্ষরকারী এই নেতা।

কোন সময়ে, কত দিনের মধ্যে চুক্তি বাস্তবায়ন করা হবে- সে সংক্রান্ত সময়সূচিভিত্তিক সরকারি কর্মসূচি ঘোষণার দাবি জানান তিনি।

“চুক্তি বাস্তবায়নের একমাত্র পথ সময়সূচিভিত্তিক কর্মসূচি। তা না হলে সমস্যা রয়ে যাবে। এ সরকারের আমলে চুক্তি হয়েছিল। আমি মনে করি এ সরকার চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসবে; তা শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের নৈতিক দায়িত্ব ।”

চুক্তি বাস্তবায়ন পূর্ণাঙ্গ না হওয়ায় পার্বত্য এলাকার জুম্ম জনগোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে বলে দাবি করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের চেয়ারম্যান সন্তু লারমা।

“চুক্তি বাস্তবায়ন না হলে এ পরিস্থিতি আওতার বাইরে চলে যেতে পারে। সেখানে সন্তু লারমাকে দায়ী করলে হবে না। জনসংহতি সমিতির পক্ষে সন্তু লারমাকে ঘোষণা দিতে হয়েছে আন্দোলনের কর্মসূচি। এ সমিতি জুম্ম জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণের কথা আমাকে বলতে হয়েছে।”

পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় ইতোমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে জনসংহতি সমিতি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ১ মে থেকে অসহযোগ আন্দোলন শুরু করবে সংগঠনটি।

চুক্তি সইয়ের ১৭ বছর পূর্তিতে মঙ্গলবার ঢাকায় জনসংহতি সমিতি আয়োজিত আরেক অনুষ্ঠানে সন্তু লারমা বলেন, “আমাদের এই ঘোষণা শুধু মুখের কথা নয়। প্রকৃত দাবি না মানলে তার বাস্তব রূপ দেখবে সরকার।”

অসহযোগ আন্দোলন রাজপথে মোকাবেলার ঘোষণা দিয়ে রাঙামাটির আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক এই গেরিলা নেতা বলেন,“ শুধু রাজপথে নয়, বনে-জঙ্গলে সর্বত্র আমাদের মোকাবেলা করতে হতে পারে।”

পুরো পরিস্থিতি অনুধাবন করে সরকার দ্রুত চুক্তি বাস্তবায়নে উদ্যোগী হবে বলে সিরডাপের সংলাপে বক্তব্যে আশা রাখেন সন্তু লারমা।

“অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার জন্য এ চুক্তি করেছি, এর পূর্ণ বাস্তবায়ন চাই আমরা। কার্যকর ব্যবস্থা না নিয়ে শান্তির বুলি আওড়ালেও শান্তি আসবে না।”

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ও আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস আয়োজিত দিনব্যাপী এ সংলাপে চুক্তি বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা, সমস্যা ও উত্তরণের উপায় ও করণীয় নিয়ে আলোচনা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, “চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথে কারা বাধা দিচ্ছে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।”

সংসদ উপনেতা সাজেদা চৌধুরী সবাইকে আশ্বস্ত করে বলেন, “এ চুক্তি বাস্তবায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এখান থেকে ফেরার সুযোগ নেই। চুক্তি বাস্তবায়ন হবেই।”

সংসদীয় কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংলাপে আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, টেকনিক্যাল সমন্বয়ক অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির চেয়ারপারসন গৌতম দেওয়ান,  সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, মুক্তিযুদ্ধ গবেষক কাজী সাজ্জাদ আলী জহির, সাংসদ কাজী রোজী, হাজেরা খাতুন, মৃণাল কান্তি দাস প্রমুখ।