দিনাজপুরে গ্যারেজের ভেতর বাসে আগুন
দিনাজপুর শহরের একটি মোটর গ্যারেজের ভেতরে একটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার ভোররাতে শহরের বাইপাস সড়কে দিনাজপুর শিক্ষা বোর্ডের পেছনে এ ঘটনা ঘটে।
গ্যারেজ কর্তৃপক্ষ আগুনের ঘটনাকে নাশকতা বললেও দিনাজপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ভোররাতে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন লাগার সময় বাসের ভেতর একজন কর্মচারী ঘুমিয়ে ছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি। এছাড়া সেখানে আরও কয়েকটি গাড়ি থাকলেও একটিতেই আগুন লাগে।
গ্যারেজ মালিক সেকেন্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোররাতে হঠাৎ করেই ওই বাসে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠায় দুর্বৃত্তরাই আগুন দিয়ে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি।”
ফায়ার সার্ভিস আসার আগেই বাসের ভেতরের পুরো অংশ পুড়ে যায় বলে জানান তিনি।
বিএনপি-জামায়াত জোটের গত দুই মাস ধরে চলমান টানা অবরোধ-হরতালে সারাদেশে যানবাহনে পেট্রোল বোমায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
