চট্টগ্রামে ভবনের ছাদে যুবকের লাশ
চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ওই এলাকার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসীন জানান।
তিনি জানান, আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়সী ওই যুবকের গায়ে টি শার্ট ছিল। তার গলার ডানপাশে জখম এবং বাঁ হাতে ব্লেডের কাটা দাগ রয়েছে।
“ওই বাড়ির মালিক খোরশেদ আলম নামে এক ব্যক্তি। তবে বাসিন্দাদের কেউ নিহত যুবককে সনাক্ত করতে পারেননি।”
রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
