২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসে বোমা হামলা: জামায়াত নেতা গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 08:50 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

মামলার তদন্ত কর্মকর্তা মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, বুধবার বিকাল ৩টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জের একটি বাড়ি থেকে মাহফুজার রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি মিঠাপুকুর উপজেলা জামায়াতের রোকন।

মিঠাপুকুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহফুজারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

গত ১৩ জানুয়ারি মধ্যরাতে মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় ‘খলিল স্পেশাল’ নামের একটি বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়ে মারা যান এক শিশুসহ ছয়জন, আহত হন ৩০ জন।

এ ঘটনায় উপজেলা জামায়াতের আমির এনামুল হকসহ ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও জননিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

এ নিয়ে এ মামলায় মাহফুজারসহ ৪৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর।