২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পুড়ল ২৭টি ঝুটের গুদাম

সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ২৭টি ঝুটের গুদাম ও কয়েকটি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 09:25 AM

Updated : 22 Aug 2022, 11:53 AM

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, বুধবার ভোর ৫টার দিকে শিমুলতলার দরগা রোড এলাকায় মাসুদ মিয়ার মালিকানাধীন গুদামগুলোতে আগুন লাগে। ওই গুদামগুলো ভাড়া নিয়ে সেখানে ঝুট রাখতেন ব্যবসায়ীরা।

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই সব ঝুটসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মাসুদের ওই গুদাম ঘরগুলোতে পাশাপাশি ৪২টি ঝুটের গুদাম রয়েছে, যার মধ্যে ২৭টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

গুদামের সঙ্গে লাগোয়া টিনশেডের পাঁচটি বসত ঘরও পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা মোস্তফা।  

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন আবদুল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুদামগুলোতে এলামেলোভাবে তার ঝুলিয়ে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছে। এ কারণে সম্ভবত বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের সাভার, ইপিজেড, ধামরাই ও ঢাকা সদর দপ্তর থেকে মোট ১১টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এতে কেউ আহত হয়নি।

আগুনে তার গোডাউনগুলোর মালামাল ও ঝুট ব্যবসায়ীদের মাল পুড়ে প্রায় পাঁচ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে গুদাম মালিক মাসুদ দাবি করেছেন।