২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলিতদের স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ

প্রান্তিক অঞ্চলে স্বাস্থসেবার উন্নয়নে সরকারের নানা উদ্যোগ দেশি-বিদেশে প্রশংসা কুড়ালেও সমাজের দলিত শ্রেণি এর সুফল থেকে ‘বঞ্চিত’ বলে এক সেমিনারে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 12:50 AM

Updated : 22 Aug 2022, 11:53 AM

তারা বলছেন, নিজেদের সনাতন চিন্তাধারা ও সমাজের অস্পৃশ্যতা স্বাস্থসেবা থেকে দলিতদের বঞ্চিত হওয়ার অন্যতম কারণ।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দলিতদের স্বাস্থ্যসেবা নিয়ে আয়োজিত ওই সেমিনারে এ ধরনের মূল্যায়ন উঠে আসে।

অনুষ্ঠানে ‘বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার: অভিগম্যতা ও বাস্তবতা’ প্রতিবেদন তুলে ধরেন আব্দুল্লাহ আল ইশতিয়াক মাহমুদ।

এতে বলা হয়, দলিতরা সমাজের চোখে নিচু, কম মজুরি অথচ ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে। রাস্তা ঘাট ঝাড়ু দেওয়া, নোংরা নর্দমা পরিষ্কার করা, স্যুয়ারেজ লাইন পরিষ্কার করা, সেপটিক ট্যাংক পরিষ্কারসহ এ ধরনের অন্যান্য কাজ তাদের আদি পেশা।

“কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই এসব ঝুঁকিপূর্ণ কাজ করার কারণে দলিতরা ঠাণ্ডাজনিত রোগ, পিঠের ব্যথা, পাকস্থলির ব্যথা, গ্যাস্ট্রিক, চর্মরোগ, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে থাকেন। আর বিপরীত দিকে জাত-পাত বিবেচনায় এবং সমাজের চোখে নিম্ন শ্রেণির হওয়ার কারণে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে তাদের পর্যাপ্ত অভিগম্যতা নেই।”

২০১৩ সালে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়ে পরিচালিত এক জরিপের তথ্য দিয়ে সেমিনারে জানানো হয়, জাতিগত পরিচয়ের কারণে ১৫ শতাংশ দলিত মানুষ হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা না পেয়ে ফিরে আসেন। ২৬ শতাংশ বলেছে- ‘অস্পৃশ্যতার অজুহাতে’ চিকিৎসকরা জরুরি প্রয়োজনে তাদের বাড়িতে আসেননি। 

এমনকি প্রসবকালীন সময়ে ধাত্রীরাও তাদের বাড়িতে আসতে রাজি হন না- পরিসংখ্যানে এমন তথ্যও পাওয়া গেছে বলে দাবি করা হয়।  

অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি মানবাধিকার সংগঠন ‘নাগরিক উদ্যোগ’ ও বিডিইআরএমের কর্মীরা নয়টি জেলার দলিত জনগোষ্ঠীর ৫০০ সদস্যকে নিয়ে তাদের স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা পর্যালোচনা করে একটি সমীক্ষা প্রতিবেদন তৈরি করেছে।

সমীক্ষা প্রতিবেদনে দেখা যায়, দলিত সমাজের ১৮ শতাংশ মানুষ ওঝার মাধ্যমে রোগ সারানোর চেষ্টা করেন। ৩৮ শতাংশ উত্তরদাতা হাসপাতাল যাওয়ার কথা জানালেও ২২ শতাংশ লোক ফার্মেসি থেকে নিজেদের পরিচিত ওষুধগুলো কিনে খেয়ে রোগ সারানোর চেষ্টা করেন।

সেমিনারে জানানো হয়, দেশের পূর্বাঞ্চলের চা বাগানগুলোতে দলিত সম্প্রদায়ের প্রায় ১০ লাখ মানুষ শ্রমিক থাকলেও অপর্যাপ্ত মজুরির পাশাপাশি স্বাস্থ্যসেবা থেকেও তারা বঞ্চিত হচ্ছে।

দাতা সংস্থা ক্রিস্টিয়ান এইডের সহায়তায় অধিকার সংস্থা নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন সেমিনারের আয়োজন করে। 

দেশের বিভিন্ন জেলায় দলিতদের অধিকার নিয়ে সোচ্চার সম্প্রদায় নেতারাও মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজের অপ্রাপ্তির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা দুলাল, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, ডা. রশিদ ই মাহবুব প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।