২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পুড়েছে ৩০ বসত ঘর

নীলফামারীর কিশোরঞ্জে ৩০টি বসত ঘর পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 07:48 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

সোমবার ভোরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামে এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছে ১৩টি পরিবার।

তাদের চারটি গরুও অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব কুমার রায় দিপু বাবু বলেন, গ্রামের আব্দুল হামিদের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।

এতে হামিদসহ ওই গ্রামের ১৩টি পরিবারের ৩০টি ঘর, ঘরে থাকা ধান, চাল, আলু ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় গ্রামের বাবুল হোসেনের গোয়াল ঘরে থাকা তিনটি ও আব্দুল হামিদের গোয়াল ঘরে থাকা একটি গরু দগ্ধ হয়ে মারা যায়।

খবর পেয়ে নীলফামারীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরির্দশন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান।

নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা ধারণা করা হচ্ছে।

ইউএনও সিদ্দিকুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে দিতে বলা হয়েছে। তালিকা আসা মাত্র ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা দেওয়া হবে।