চট্টগ্রামে ঘরে-বাইরে নারী অবদানের স্বীকৃতির দাবি
চট্টগ্রামে বিভিন্ন সংস্থার নারী দিবসের কর্মসূচি থেকে ঘরে ও বাইরে নারীর অবদানের যথাযথ স্বীকৃতি ও তাদের নিরাপত্তা বিধানের দাবি জানানো হয়েছে।
রোববার সকালে নগরীর ডিসি হিল থেকে উন্নয়ন সংস্থা নারী প্রগতি সংঘ নারী দিবস উপলক্ষ্যে এক শোভাযাত্রার আয়োজন করে করে।
শোভাযাত্রা শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে তার অন্যতম প্রধান কারণ উন্নয়নের সর্বক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ। দেশে অর্থনৈতিক অগ্রযাত্রার মূলে আছে পোশাক শিল্পের বিকাশ। এই শিল্পের কর্মীদের ৮০ শতাংশই নারী।
কিন্তু এখনো ঘরে ও কর্মক্ষেত্রে নারীর অবদানের যথাযথ স্বীকৃতি নেই উল্লেখ করে বক্তারা বলেন, নারী কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা একদিকে মজুরি বৈষম্য ও নানা শোষণের শিকার হচ্ছে।
সংস্থাটির চট্টগ্রাম কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, ডা. বিজয় চক্রবর্তী, মাহফুজা বেগম, ফয়জুন্নেছা, কুমকুম দত্ত, ইয়াসমিন বেগম ও শিরিন আক্তার।
এদিকে নারী দিবসকে সামনে রেখে নগরীতে শোভাযাত্রা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
নগরীর দামপাড়া পুলিশ লাইন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে সিএমপির উল্লেখযোগ্যসংখ্যক নারী সদস্য অংশ নেন।
কর্মসূচির শুরুতে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, নারী-পুরুষের সমতা উন্নয়নের মূল কথা। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে এ সমতা নিশ্চিত করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার একেএম শহিদুর রহমান, বনজ কুমার মজুমদার, উপ-কমিশনার মাসুদ উল হাসান ও কুসুম দেওয়ান।
উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসিটিসি) নারী দিবস উপলক্ষ্যে পুরুষদের অংশগ্রহণে নগরীতে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ্, সংস্থার কর্মকর্তা নুর মোহাম্মদ ফেরদৌস চৌধুরী ও সুজন ভট্টাচার্য্য।
