বিয়ের কনেকে ছুরিকাঘাত, যুবকের ১৫ বছরের সাজা
বিয়ের আসরে কনেকে ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা করা যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।
রোববার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতের এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত সেলিম (২৬) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল এলাকার মো শফির ছেলে। সেলিম নগরীর বাকলিয়া থানার দোস্ত প্রপার্টিজ সড়কের আতুইজ্যার দোকান এলাকার বাসিন্দা।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬, ৩০৯ ও ৩০৭ ধারায় আনা অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে মোট ১৫ বছর দণ্ড দেওয়া হয়েছে।
“এছাড়া তিন ধারায় মোট ১১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাস ১৫ দিন কারাদণ্ড দেয়া হয়েছে। তিনটি ধারায় সাজা একসঙ্গে কার্যকর হবে।”
মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাজা ঘোষণার পর আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
গত বছরের ২১ ফেব্রুয়ারি রাতে নগরীর পাঁচলাইশ থানার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আসরে বিয়ের কনেকে ছুরিকাঘাত করে সেলিম। এরপর সেলিম নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
ওই ঘটনার পর পাঁচলাইশ থানার সে সময়ের ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানিয়েছিলেন, সেলিম ওই কনের পূর্ব পরিচিত ছিল।
এ ঘটনার পর বিয়ের আসরে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা সেলিমকে জাপটে ধরে ফেলে। এ ঘটনায় ওই চিকিৎসক কনের ভাই বাদি হয়ে মামলাটি করেন।
