যাত্রীরা ডুবে মরল, অথচ বয়াগুলো ঠিকই ছিল
নদীতে লঞ্চ দুর্ঘটনায় পড়লে যাত্রীদের প্রাণ রক্ষা করার কথা যে বয়া ব্যবহার করে, সেই বয়া যে কিভাবে ব্যবহার করতে হয়, তা জানেনই না বেশিরভাগ যাত্রী।
কমলা রঙের গোল গোল আকৃতির বয়া, যার একটি দিয়েই পানিতে ভেসে থাকতে পারেন চার থেকে পাঁচজন।
পাটুরিয়ায় গত রোববার ডুবে যাওয়া লঞ্চটিতেও ১৯টি বয়া ছিল। কিন্তু পরদিন লঞ্চটি যখন তীরে আনা হল, তখন দেখা গেল, এর বয়াগুলো লঞ্চের ভেতরেই রয়েছে।
এই বয়া ব্যবহার করে কেউ কূলে উঠেছেন, তেমন কোনো খবর বা লক্ষণ চোখে পড়েনি আগের দিনের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী কারও।
একটি কার্গোর ধাক্কায় তিন দিন আগে ডুবে যাওয়া এমভি মোস্তফা নামে লঞ্চটির সাত যাত্রীর লাশ বুধবার উদ্ধার হয়েছে পদ্মা নদী থেকে। এ নিয়ে এই নৌ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৭৮ জনে দাঁড়িয়েছে।
বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেল খাত রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন সংস্থার হিসাবে, বাংলাদেশে গত প্রায় চার দশকে ৭২৭টি লঞ্চ দুর্ঘটনায় প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
এসব দুর্ঘটনায় অনেক জীবন বাঁচাতে বয়া হাতিয়ার হলেও যাত্রীদের সঙ্গে কথা বলে যেমন এই বিষয়ে ধারণা না থাকার কথা জানা গেছে; তেমনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও যাত্রী সচেতনতায় উদ্যোগের ঘাটতি ধরা পড়েছে।
পাটুরিয়া ঘাটেই কথা হয় নিয়মিত লঞ্চযাত্রী মনিরুল ইসলামের সঙ্গে। বয়া কী, এর ব্যবহার কী জানেন কি না- প্রশ্ন করা হলে তিনি জানান, বয়া দেখেছেন তিনি। কিন্তু ব্যবহারের বিষয়ে কিছুই জানেন না।
“মাসে একবার কুষ্টিয়ায় বাড়িতে যাই, লঞ্চে নদী পার হয়ে। তবে বয়া নিয়ে কেউ কখনও কিছু বলেনি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
এম ভি মোস্তফার যাত্রীর লাশ উদ্ধারের চিত্র। ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
যে পাটুরিয়া ঘাট ছেড়ে এমভি মোস্তফা রওনা হয়েছিল দৌলতদিয়ার উদ্দেশে, সেই ঘাটে গিয়ে দেখা গেছে এম এল পানসী, এম এল দৌলতসহ বেশ কয়টি লঞ্চ যাত্রী পারাপারের অপেক্ষায়।
লঞ্চগুলোর ভেতরে ঘুরে দেখা যায়, যাত্রীদের সচেতন করতে লঞ্চের গায়ে যাত্রী ধারণ ক্ষমতার সংখ্যা এবং বয়া থাকার তথ্য লেখা রয়েছে। কিন্তু তা লেখা পর্যন্তই। যাত্রীরা কেউই জানেন না এটি তাদের ব্যবহারের জন্য রাখা হয়েছে।
বয়ার ব্যবহার নিয়ে লঞ্চ কর্তৃপক্ষ বা সরকারের কোনো কর্তৃপক্ষকে যাত্রী পর্যায়ে কোনো সচেতনতামূলক কার্যক্রম চালাতে দেখা যায়নি।
যেসব যাত্রীরা লঞ্চে ছিলেন, তাদের অনেকেই বয়া কী, তাও জানেন না। লঞ্চের কোথায় সেগুলো থাকে, তাও তাদের অজানা।
লঞ্চ মালিক সমিতির দপ্তর সম্পাদক ইউসুফ আলী সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেন, বয়া নিয়ে যাত্রীদের সঙ্গে সরাসরি তথ্য দেওয়ার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে লঞ্চের চালক বা অন্য কর্মচারীদের কোনো নির্দেশনা দেওয়া হয় না।
তবে লঞ্চে কয়টি বয়া থাকবে বা এর ব্যবহার নিয়ে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে মাঝে মাঝে চালক বা মাস্টারকে নির্দেশনা দেওয়া হয় বলে তিনি জানান।
“এ নিয়ে বিআইডব্লিউটিএ বলতে পারবে। লঞ্চে কী লেখা থাকবে, সেটা বিআইডব্লিউটিএ তদারক করে। প্রয়োজনীয় বয়া লঞ্চে আছে কি না সেটাও তারাই দেখে,” বলেন ইউসুফ আলী।
টেনে তীরে আনা হল ডুবে যাওয়া এম ভি মোস্তফাকে। ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তবে যাত্রীদের সচেতন করতে মাইকিং করা যেতে পারে বলে মত দেন তিনি।
ঘাটে ভেড়ানো লঞ্চগুলোর মধ্যে এমএল পানসীর গায়ে নতুন চকচকে বয়া বাঁধা দেখা যায়।
এ লঞ্চের মাস্টার সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এম এল লঞ্চগুলোর যাত্রী ধারণ ক্ষমতা ১১৫ থেকে ১২৫ জন। সরকারি হিসেবে এতে বয়া থাকার কথা ২৩টি।
তার লঞ্চে ছোট-বড় মিলিয়ে ২৩টি বয়াই ছিল। প্রতি বয়ায় পাঁচজন করে হলে ১১৫ জনই প্রাণ রক্ষায় তা ব্যবহার করতে পারবেন।
বয়ার বিষয়ে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক শফিউল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মাইকিং করে যাত্রীদের নিরাপত্তা বিষয়ে সচেতন করার কোনো ব্যবস্থা তাদের নাই।
তবে সদরঘাট, চাঁদপুর, বরিশাল এরকম বড় ঘাটগুলোতে সবসময় মাইকিং হয় বলে দাবি করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, মূলত অতিরিক্ত যাত্রীবোঝাই সংক্রান্ত সতর্কবার্তাই ঘাটগুলো গতানুগতিকভাবে প্রচার করা হয়। যাত্রী নিরাপত্তার অন্যান্য দিকগুলো সম্পর্কে কিছু জানানো হয় না।
শফিউল বলেন, “নৌযানে পর্যাপ্ত বয়া আছে কি না, তা নিয়মিত দেখা হয়। বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায়।”
তবে তদারকির জন্য ঘাট পরিদর্শকের প্রচুর পদ শূন্য রয়েছে বলে নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তিনি।
