লঞ্চডুবি: আরও ৭ লাশ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় পদ্মা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরও সাতটি লাশ উদ্ধার করা হয়েছে।
তিন দিন পর বুধবার উদ্ধার সাতটি লাশ মিলিয়ে এই নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৭৮ জনে দাঁড়িয়েছে। আরও সাতজনের সন্ধান এখনও মেলেনি বলে তাদের স্বজনরা জানিয়েছেন।
গত রোববার দুপুরে পাটুরিয়া লঞ্চ ঘাটের অদূরে এম ভি মোস্তফাকে নারগিস-১ নামের একটি কার্গো ধাক্কা দিলে যাত্রীবোঝাই লঞ্চটি ডুবে যায়।
এরপর মঙ্গলবার পর্যন্ত ৭১ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।
বুধবার সকালে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার ভাটিতে শিবালয় উপজেলার মালুচি এবং প্রায় ১৩ কিলোমিটার দূরে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকায় কয়েকটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
এরপর ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা দুই এলাকায় তল্লাশি চালিয়ে সাতটি লাশ উদ্ধার করে বলে পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরির্শক (এসআই) আবদুল খালেক সাংবাদিকদের জানিয়েছেন।
সাতটি লাশের মধ্যে বিকাল পর্যন্ত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আবুল হাসেম (৬০), একই উপজেলার এলাচিপুর গ্রামের মৃত শেখ আফাজ উদ্দিনের ছেলে ছোরহাব আলী (৬০) ও ছোট বোয়ালী গ্রামের তপন সূত্রধরের ছেলে সঞ্জিত সূত্রধর (৮), দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের উজ্জল মোল্লার ছেলে ইমন মোল্লা (৮), ঘিওর উপজেলার কুশন্ডা গ্রামের হাবিব মোল্লার ছেলে মান্নু পাগলা (৬৫) এবং কুষ্টিয়ার কুমারখালীর মিলন শেখের স্ত্রী লিপি খাতুন (২২)।
এসআই খালেক বলেন, লাশগুরো পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিএ’র যাত্রী ছাউনিতে রাখা হয়। সেখানে এসে স্বজনরা সনাক্তের পর লাশ নিয়ে যান।
