মেলায় বিপিএল-এর আরও দুই বই
মাসব্যাপী একুশের বইমেলার বিদায়ী লগ্নে আরও দুটি নতুন বই এনেছে এবছরই যাত্রা শুরু করা প্রকাশনা সংস্থা বিপিএল।
চলতি সপ্তাহের শুরুতেই পূরবী বসুর লেখা ‘নারী দীপাবলী’ এবং নাদির জুনাইদ এর লেখা ‘বাংলা রাজনৈতিক চলচ্চিত্র: সত্যজিৎ-ঋত্বিক-মৃণালের প্রতিবাদী ছবি’ মেলায় এসেছে।
বই দুটি ইতোমধ্যে পাঠকের নজর কেড়েছে বলে বিপিএল-এর বিক্রয়কর্মীরা জানিয়েছেন।
নারী দীপাবলী বইটি সাম্প্রতিক বিশ্বের নারী বিষয়ক প্রবন্ধ সংকলন। পূর্ব-পশ্চিমের নারীদের প্রেক্ষাপট বিবেচনায় ৩২৬ পৃষ্ঠার বইটিতে নারীর মাতৃত্ব ও সৃজনীশক্তি, অসম সামাজিক প্রেক্ষাপটে নারীতে নারীতে সখ্য ইত্যাদি শিরোনামে আলোচনা আছে।
গত শতকের চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের রাজনৈতিক চলচ্চিত্রগুলোর বিশ্লেষণ করা হয়েছে নাদির জুনাইদের চলচ্চিত্র বিষয়ক বইটিতে।
লেখক বলেন, “বাংলা ভাষার যেসব চলচ্চিত্র গত শতাব্দিতে মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা তৈরি করেছিল এনিয়ে কোনো বই রচিত হয়নি বললেই চলে। কোন কোন উপাদান ও বৈশিষ্ট্যের উপস্থিতিতে চলচ্চিত্রের রাজনৈতিক বক্তব্যগুলোকে অধিকতর কার্যকর করে তোলে বইটিতে তা আলোচিত হয়েছে।”
বইটিতে সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী (১৯৭০), সীমাবদ্ধ (১৯৭১), মৃণাল সেনের কলকাতা ৭১ (১৯৭২), পদাতিক (১৯৭৩), ঋত্বিক ঘটকের যুক্তি, তক্কো আর গপ্পো (১৯৭৪) নিয়ে আলোচনা আছে।
এই দুটি নিয়ে বিপিএল-এর মোট বইয়ের সংখ্যা দাড়ালো ১২টি।
বুধবার ছিল বইমেলার ২৫তম দিন। শেষ সময়ে ক্রেতার উপস্থিতি যেমন ছিল, বেচা-বিক্রিও অনেক বেশি হয়েছে বলে কয়েকটি স্টলে কথা বলে জানা গেছে।
বেবী মওদুদের দুটি বই
সাংবাদিক-লেখক প্রয়াত বেবী মওদুদের দুটি বই মেলায় এনেছে প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স।
বুধবার এই প্রকাশনীটির স্টলে আসে লেখকের সর্বশেষ কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। মেলায় বিশেষ ছাড় দেওয়ার পর ১২০ টাকায় পাওয়া যাচ্ছে বইটি।
মাওলা ব্রাদার্সের কর্মকর্তা অনুপ দত্ত জানান, নিজের শেষ বইয়ে বেবী মওদুদ মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছেন।
একই প্রকাশনা থেকে বেবী মওদুদের লেখা ‘জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ, ২০১২-১৩’ নামের আরেকটি বই প্রকাশিত হয়েছে।
সংসদ নেতা হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যে ভাষণগুলো দিয়েছেন তার অনুলিখন নিয়ে এই বই। লেখক নিজেও নবম জাতীয় সংসদের একজন সদস্য ছিলেন।
বইয়ের ভূমিকায় তিনি লিখে গেছেন, “ভাষণ-আলোচনার মাধ্যমে সরকারের সফলতা, বিফলতা ও আগামী দিনের প্রণদনাকে জনগণ সহজে বুঝতে পারবে।”
বুধবারের নতুন বই
মেলার ২৫তম দিনে ১১৬টি নতুন বই এসেছে। এদিন নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন হয়েছে ১১টি নতুন বইয়ের।
বিকালে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপন্যাস’ শীর্ষক আলোচনা, এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শান্তনু কায়সার।
লেখক পূরবী বসু, বদিউর রহমান ও জাকির তালুকদার অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন। কথাসাহিত্যিক সেলিনা হোসেন ছিলেন অনুষ্ঠানের সভাপতি।
মূল প্রবন্ধে শান্তনু কায়সার বলেন, “উপন্যাসের উদ্ভব ও বিকাশের ধারাক্রম অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে উপন্যাসের কাঠামোয় প্রতিস্থাপন ব্যাখ্যা করলে আমরা দেখতে পাব, ইতিহাসের সত্য কিভাবে শিল্পের সত্যে রূপ নেয়। এই শিল্পরূপ প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের উপন্যাসে আমাদের ঔপন্যাসিকদের শৈল্পিক অঙ্গীকার ও দ্বন্দ্ব কীরূপে প্রতিফলিত তাও আজকের পাঠকের কাছে জরুরি বিচার্য।
“মুক্তিযুদ্ধের উপন্যাস বলতে শুধু একাত্তরের যুদ্ধগাথাকেই বুঝায় না, সঙ্গে সঙ্গে বাঙালির হাজার বছরের সংগ্রামী ইতিহাসকেও নির্দেশ করে।”
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন সায়েরা হাবীব, মোহাম্মদ লতিফুর রহমান এবং আতাহার ইয়াসির ফাহিম।
সংগীত পরিবেশন করেন সাজেদ আকবর, সালমা আকবর, মিলিয়া আলী, স্বপন দত্ত, স্বাতী সরকার, অভয়া দত্ত, অনিমা রায়, অনুপম কুমার পাল এবং দীপা চৌধুরী।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন বিশ্বজিৎ সরকার (তবলা), গাজী আবদুল হাকিম (বাঁশি), সেলিম আহমেদ (বেহালা), সুমন রেজা খান (কী-বোর্ড) এবং নাজমুল আলম খান।
