২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পুলিশকে হাতবোমা নিক্ষেপ

বিএনপি নেতৃত্বাধীন জোটের মিছিল চলাকালে ফেনী শহরে পুলিশের দিকে পরপর কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 10:07 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সোমবার সন্ধ্যায় শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর মোড় ও পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, অবরোধ-হরতালের সমর্থনে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা সন্ধ্যায় শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল বের করেন।

অনুমতি না থাকায় পুলিশ মিছিলে বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল খালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

শাহিনুজ্জামান বলেন, এর কিছুক্ষণ পর ওই সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার মোড়, ইসলামপুর মোড়, পাঠানবাড়ি মোড়, পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ এলাকায় পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা অন্তত ৮/৯টি হাতবোমা নিক্ষেপ করে।

এছাড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল ও মডেল হাই স্কুল এলাকায় সরকার সমর্থক ও অবরোধকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

তবে এতে কোনো আহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

ফুলগাজীর ২ বিএনপি নেতা আটক

ফুলগাজী থানার ওসি হারুন অর রশিদ জানান, বিকালে অবরোধ-হরতালের সমর্থনে ফুলগাজী উপজেলা বিএনপি একটি মিছিল বের করলে দুই নেতাকে আটক করেছে পুলিশ।

এরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মাষ্টার ও ছাত্রদল সভাপতি কামাল হোসেন।

দাগনভূঞায় শিবির নেতা আটক

দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল জানান, বিকালে দাগনভূঞা উপজেলার সোনাপুর গ্রাম থেকে ছাত্র শিবির সিলোনিয়া শাখার সেক্রেটারি হেদায়াত উল্যাহকে (২৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ।

তার বিরুদ্ধে হরতাল অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুরের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি আবুল ফয়সল।