বেনাপোলে সোনার বার ও ডলারসহ ২ যুবক আটক
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় পৃথক অভিযানে সোনা বার ও ডলারসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে পুটখালি সীমান্তের বালুরমাঠ এলাকা থেকে নয়টি স্বর্ণের বারসহ একজনকে এবং ২১ হাজার ৪০০ মার্কিন ডলারসহ আরেকজনকে আটক করা হয়।
আটকৃকতরা হলেন, পুটখালি গ্রামের জাহান আলি বক্সের ছেলে ফারুক হোসেন (২৭) এবং কন্যাদাহ রামপুর গ্রামের মুসা গাজির ছেলে ইয়ার আলি (৪০)।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার একটি বড় চালান পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির টহল দল ফারুক হোসেনকে আটক করে।
ফারুক ঘাসের মধ্যে সোনারবারগুলি লুকিয়ে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে নয়টি সোনার বার উদ্ধার হয়। ওগুলোর ওজন ৯০ তোলা, যার মূল্য ৪৯ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া ভারতে পাচারের সময় পুটখালীর করিম ডাক্তারের বাড়ির সামনে থেকে ২১৪টি একশ’ ডলারের নোটসহ ইয়ার আলীকে আটক করা হয়। উদ্ধার ডলারের বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৭০ হাজার টাকা বলে বিজিবির এই কর্মকর্তা জানিয়েছেন।
আটককৃতদের পুলিশে হস্তান্তর ও এ ব্যাপারে পৃথক দু’টি মামলা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।
