২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

সিলেট ও নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেট ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

এর মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরও একজন আহত হন।

আর নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক মারা যান সকাল ৮টার দিকে। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সকালে মহাসড়কে লালাবাজার সাতমাইল এলাকায় হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস ও বিপরীতমুখী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ভ্যানচালকসহ দুজন মারা ঘটনাস্থলেই নিহত হন।

এরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার সাইফুল ইসলামের ছেলে ভ্যানচালক উজ্জল আহমদ (২৪) ও মেহেরপুরের গাংনি উপজেলার আফজাল হোসেনের ছেলে মাহবুবুর রহমান (৩২)।  মাহবুব  ট্রান্সকম গ্রুপের ডিস্ট্রিবিউর ছিলেন।

এ ঘটনায় আহত বুলবুল আহমদকে (২৪) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান পুলিশ কর্মকর্তা খায়রুল।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস খাদে

সকাল ৮টার দিকে মহাসড়কে সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত লিটনের (৩২) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাঁচপুর মহাড়ক থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, রয়েল পরিবহনের ওই বাস ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে ছনপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে পাশের খাদে পড়ে।

আশপাশের লোকজন যাত্রীদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ও নরিসংদী হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে নরসিংদী হাসপাতালে নেয়ার মারা যান লিটন।

এ দুর্ঘটনায় আহত কারও নাম পরিচয় জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা মাহবুব।