২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মমতার সফর নিয়ে আশায় ঢাকা

ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যার জট খোলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশায় আছে বাংলাদেশ।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 10:57 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

দ্বিপক্ষীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করলেও পশ্চিমবঙ্গের মুথ্যমন্ত্রী মমতার আপত্তিতেই নয়া দিল্লি চার বছর আগে আটকে গিয়েছিল তিস্তার পানি বণ্টন চুক্তি।

২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সফরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন তিস্তা চুক্তির বিরোধী মমতা।

তিস্তা নদীর পানি বণ্টনের পাশাপাশি স্থল সীমান্ত চুক্তি কার্যকরেরও বিরোধী তৃণমূল কংগ্রেস নেত্রী, যা এখন ভারতের পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ এই দুটি বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গী ইতোমধ্যে দেখিয়েছেন ভারতের নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় নিতে মোদী নেতৃত্বাধীন সরকারের আগ্রহ প্রকাশের মধ্যেই ভারতের রাজনীতিতে তার বিরোধী মমতা আগামী ১৯ ফেব্রুয়ারি তিন দিনের সফরে ঢাকা আসছেন।

২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরে ঢাকা আসতে যাওয়া মমতা এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

মমতার সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিপক্ষীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করলেও আমরা মনে করি, তার সফর এই বিষয়গুলো (অমীমাংসিত) সহজ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।”

২০১১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা এবং সীমান্ত চুক্তির বিষয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়।

দুই দেশের মধ্যে ১৯৭৪ সালে সই হওয়া সীমান্ত চুক্তি এবং এর আওতায় ২০১১ সালের প্রটোকল বাস্তবায়নে ভারতীয় পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিল আনার চেষ্টায় বাদ সাধেন মমতা।

তবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তির ব্যাপারে আগ্রহী হয়ে উঠলে মমতারও সুর নরম হতে থাকে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে নিজের অনাপত্তির কথাও জানিয়েছেন তৃণমূলনেত্রী। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনেক দিন থেকেই ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করছিলেন। আর এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি অনুষ্ঠান খুঁজছিল।      

“এটা খুব ভালোই হয়েছে যে আমরা এমন এক অনুষ্ঠানে মিলিত হচ্ছি, যেখানে এক ভাষায়ই কথা বলব,” বলেন শাহরিয়ার।

বিমানবন্দরে ভারতের মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন প্রতিমন্ত্রী, কেননা পররাষ্ট্রমন্ত্রী তখন যুক্তরাষ্ট্র সফরে থাকবেন।

মমতার সফরে কী আশা করছেন- জানতে চাইলে শাহরিয়ার বলেন, “আসলে এটা কিন্তু সে ধরনের সফর নয়। এখানে তিনি কোনো ঘোষণাও দেবেন না।

“তবে এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, দ্বিপক্ষীয় অমীমাংসিত সমস্যা সমাধানে তিনি বাংলাদেশের পক্ষে পশ্চিমবঙ্গের সমর্থন প্রকাশ করবেন।”

মমতার সঙ্গে সফরে আসছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু, পার্লামেন্ট সদস্য মুনমুন সেন, দীপক অধিকারী, সঞ্জয় মিত্র।

তার সঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাংবাদিকদের একটি প্রতিনিধি দলও ঢাকা আসছেন বলে ভারতের হাইকমিশন থেকে জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ, দেব, কণ্ঠশিল্পী নচিকেতা ঘোষ।

সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন মমতা। দুই দেশের ব্যবসায়ীদের যৌথ একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

পুরনো খবর:

ঢাকার আমন্ত্রণে মমতা রাজি
মমতার সফরে অনেক ‘জট’ খোলার অপেক্ষা
মমতার সফরসঙ্গী ইমরান, বিব্রত দিল্লি