ঢাকার আমন্ত্রণে মমতা রাজি
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসার আমন্ত্রণে সম্মতি দিয়েছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জকি আহাদ মঙ্গলবার জানান, তিনি আগের দিন মুখ্যমন্ত্রীর অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর পাঠানো আমন্ত্রণপাত্র পৌঁছে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় তাৎক্ষণিকভাবে তাতে সম্মতি জানান।
“তিনি বলেছেন, ‘বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে আমি ভালবাসি। দেশভাগের আগে আমরা একই ছিলাম। বাংলাদেশের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক। বাংলাদেশের মানুষের আনন্দে আমাদেরও আনন্দ হয়।”
মমতা স্মরণ করেন, লোকসভার এমপি থাকার সময় তার উদ্যোগেই কলকাতায় প্রথম ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হয়েছিল। তারপর থেকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অর্থায়নে প্রতিবছরই দিনটি পালিত হচ্ছে।
তৃণমূল কংগ্রেসনেত্রীর এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে, কারণ মমতার বাধার কারণেই ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশে সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি আটকে যায়।
ওই সময় মনমোহনের সফরসঙ্গী হিসাবে মমতারও ঢাকায় আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তিনি বেঁকে বসেন।
মনমোহনের সেই সফরে দুই দেশের ছিটমহল বিনিময়ে স্থলসীমান্ত চুক্তির প্রটোকল সই হলেও তা কার্যকরে ভারতের সংবিধান সংশোধনের প্রস্তাবও মমতার বাধার কারণে ঝুলে থাকে।
নরেন্দ্র মোদী গতবছর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন এবং চুক্তি দুটির বিষয়ে জোর দেন।
গত নভেম্বরে কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে নরেন্দ্র মোদী স্থল সীমান্ত চুক্তি কার্যকরে তার সরকারের জোর প্রচেষ্টার কথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপরই বিষয়টিতে গতি আসে।
নানামুখি চাপে থাকা মমতাও ৬৫ বছর ধরে ঝুলে থাকা সমস্যাটির সমাধানে সম্প্রতি সম্মতি দেন।
বিলটি প্রথমে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তোলা হবে। সেখানে পাসের এটি যাবে নিম্নকক্ষ লোকসভায়।
