মমতার সফরে অনেক ‘জট’ খোলার অপেক্ষা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ঢাকা সফরে ঝুলে থাকা অনেক বিষয়ের জট খোলায় অগ্রগতির আশা করছে বাংলাদেশ।
২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়াটা উদ্দেশ্য হলেও সফরে তিস্তার পানি বণ্টন, সীমান্ত সন্ত্রাস বন্ধ এবং ছিটমহল বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
১৯ ফেব্রুয়ারি মমতার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মাতৃভাষা দিবসের ওই অনুষ্ঠানের আয়োজক মন্ত্রণালয়ের মন্ত্রী সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, তিস্তার পানি ভাগাভাগি আর ছিটমহল বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ দুটি বিষয় দুই দেশের সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
“তিস্তা চুক্তি ও ছিটমহল বিনিময়ের বিষয়ে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আমরা আশা করছি। তার সফরের মধ্যে দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হবে আশা করছি।”
২০১১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা এবং সীমান্ত চুক্তির বিষয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়।
দুই দেশের মধ্যে ১৯৭৪ সালে সই হওয়া সীমান্ত চুক্তি এবং এর আওতায় ২০১১ সালের প্রটোকল বাস্তবায়নে ভারতীয় পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিল আনার চেষ্টায় বাদ সাধেন মমতা।
তবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তির ব্যাপারে আগ্রহী হয়ে উঠলে মমতারও সুর নরম হতে থাকে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে নিজের অনাপত্তির কথাও জানিয়েছেন তৃণমূলনেত্রী।
ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার ভারতের ভূখণ্ড থেকে উগ্রবাদীদের বাংলাদেশে চালানো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধেও আলোচনা হওয়ারও আভাস দিয়েছেন নূর।
দুই দেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি বিনিময়ে বড় ধরনের ব্যবধান রয়েছে বলে মনে করেন আসাদুজ্জামান নূর।
“দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়টা মূলত একমুখী। ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ এ বিষয়ে খুব একটা আগ্রহী নয়। ফলে আমরা কলকাতার শিল্পীদের যতটা ঢাকায় যেতে দেখি, আমাদের শিল্পীদের ক্ষেত্রে ততটা দেখিনা। বাংলাদেশের শিল্পীদেরও সেখানে আমন্ত্রণ জানানো উচিত।”
বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো ভারতে দেখানোর বিষয়ে আলোচনা হলেও কেবল নেটওয়ার্কের সমস্যার কারণে সেটা হচ্ছে না বলে জানান তিনি।
দুই দেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ এবং যৌথভাবে মুক্তি দেওয়ার বিষয়েও আলোচনা চলছে মন্ত্রী বলেন, এ ব্যাপারে কিছু বাধা দূর করা প্রয়োজন।
নকল বই এবং চলচ্চিত্রের ব্যবসা বন্ধে দুই দেশের আরও ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।
