ফেনীতে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত
ফেনীর সোনাগাজীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন, আহত হন আরও তিন জন।
মঙ্গলবার সকালে উপজেলার বক্তারমুন্সী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল আহম্মেদ (৭০) উপজেলার মঙ্গলকান্দির বক্তারমুন্সী গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন জানান, সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বক্তারমুন্সী এলাকার লোক্কার দোকানের সামনে পরস্পর বিপরীতমুখী দুটি অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে মকবুল আহম্মেদসহ চারজন আহত হন। আহতদের মধ্যে মকবুল আহম্মেদকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকিদের ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি।
