হরতাল-অবরোধে ক্লাস হবে শাহজালালে
হরতাল ও অবরোধে ক্লাস-পরীক্ষা চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপাচার্য বলেন, “দেশের উন্নয়নের স্বার্থে ক্লাস-পরীক্ষা চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের সেশনজটে পড়তে দেব না।”
আধিপত্য বিস্তার নিয়ে গত বছরের ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরে ১৮ জানুয়ারি থেকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
তবে ক্যাম্পাস খুললেও এরপর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার হরতাল অবরোধের কারণে প্রায় তিন মাস ধরে কার্যত অচল হয়ে আছে প্রতিষ্ঠানটি।
বসন্তের প্রথম দিনে ২৫ বছরে পদার্পণ করল দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস।
সকালে জাতীয় সংগীত ও জাতীয় পাতাকা উত্তেলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।
পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উপাচার্য ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।
মুক্তমঞ্চে বেলুন ওড়ানোর পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
এই সময় সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক সদরুদ্দিন চৌধুরীকে।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক সদরুদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক নারায়ণ সাহা।
১৯৯১ সালের এই দিনে তিনটি বিভাগে ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। এখন ছয়টি অনুষদে ২৫টি বিভাগ রয়েছে।
