নাটোরে বিএনপি নেতা গুলিবিদ্ধ
দুর্বৃত্তদের গুলিতে নাটোরের এক বিএনপি নেতা ও ব্যবসায়ী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে নাটোর জেলা সদর হাসপাতালের সামনে এই হামলায় আহত আব্দুস সালাম বণিক সমিতির নির্বাহী সদস্য।
তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুস সালাম নীচাবাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে মল্লিকহাটির বাড়ি ফিরছিলেন।
পথে সদর হাসপাতালের সামনের রাস্তায় পৌঁছলে প্রতিবেশী মল্লিকহাটি মহল্লার সাগর মন্ডলের ছেলে সাজ্জাদ মন্ডল তাকে থামতে বলে।
তিনি থামলে অনেক লোকের সামনে সাজ্জাদ তাকে গুলি করে চলে যায়। গুলিটি তার বাম পায়ের উরুতে লাগলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান।
পরে পথচারীরা তাকে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় পুলিশ সাজ্জাদের বাবা সাগর মন্ডলকে আটক করেছে।
ওসি মিজানুর আরও জানান, “আমরা তাকে ধরার চেষ্টা করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
আহত আব্দুস সালামের সাথে তাদের টাকাপয়সা নিয়ে বিরোধ রয়েছে বলেও জানান ওসি।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, “বাম পায়ের উরুর মাংসে গুলি লেগেছে। আমরা এক্স-রে করার পরামর্শ দিয়েছি।”
সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ডা. আজাদ।
এ ব্যাপারে আল সান হাসপাতালে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, আহত আব্দুস সালাম জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য এবং নাটোর শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য।
