কুমিল্লায় পেট্রোল বোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ আরেকজন মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজারের রাশেদুল বাদশা (৪২) বুধবার বিকেলে মারা যান বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
মঙ্গলবার ভোররাতে চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুরে মহাসড়কে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়ে মারা যান সাত যাত্রী। ওই ঘটনায় দগ্ধ হয়েছিলেন আরও ২৫ জন, যাদের মধ্যে ১০ জনকে ঢাকায় পাঠানো হয়।
রাশেদুলকে নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো আট জনে।
ইতোমধ্যে ঘটনা তদন্তে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলামুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে একটি মামলা হয়েছে মঙ্গলবার।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা লাগাতার অবরোধে নাশকতায় গত এক মাসে অর্ধশতাধিক নিহত হয়েছেন, যার বেশিরভাগই পুড়ে মারা যান।
৫ জানুয়ারি অবরোধ শুরু হওয়ার পর এক ঘটনায় চৌদ্দগ্রামেই সর্বাধিক মৃত্যু হয়েছে। এর আগে গত ১৪ জানুয়ারি রংপুরে বাসে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান পাঁচজন।
