বীভৎস পোড়া লাশ স্বজনদের দেখানো হয়নি
বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমায় নিহত এক ব্যবসায়ীর লাশ তার শরীয়তপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
নিহত আবদুল রহমান খান ওয়াসিম (৪০) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ গজারিয়া গ্রামের নজর আলী খানের ছেলে। তিনি ঢাকার কাপ্তান বাজারে পাখির ব্যবসা করতেন।
বুধবার ভোরে ওয়াসিমের লাশ গ্রামের বাড়ি আসার পর স্থানীয় মোহাম্মদীয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা মাঠে নামাজে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাম চন্দ্র দাস।
পাখি কেনার কাজে কক্সবাজার থেকে ফেরার পথে মঙ্গলবার ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ওয়াসিম। সেখান থেকে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লাশ পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় দাফনের আগে স্ত্রী-সন্তানসহ পরিবার বা আত্মীয় স্বজনদের কাউকে ওয়াসিমের লাশ দেখতে দেওয়া হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছেন নিহতের বড়বোন লিপি আক্তার।
ওয়াসিম স্ত্রী, স্কুল পড়ুয়া দুই মেয়ে ও চার বছরের এক ছেলে নিয়ে ঢাকায় থাকতেন। বড় মেয়ে সুহাদা আক্তার কেয়া এবার খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী। ছোট মেয়ে সুমাইয়া পড়ে তৃতীয় শ্রেণিতে। চার বছর বয়সী ছেলের নাম জুনায়েদ।
তিন ছেলেমেয়েকে নিয়ে স্বামীর পোড়া লাশ দেখতে পারেননি ওয়াসিমের স্ত্রী কোহিনূর আক্তার। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে ভবিষ্যৎ নিয়েও আছেন শঙ্কায়।
“এরপর আমরা লাশ শনাক্ত করতে পারি," বলেন তিনি।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে লাশ বাড়ি আসার পর সেখানে এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। নিহত ওয়াসিমের দুই ভাই লুৎফর রহমান ও ইব্রাহিমসহ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।
লাশ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা সব সময় এ অসহায় পরিবারের পাশে থাকব।"
