জামালপুরে ট্রাকচাপায় নিহত ১
জামালপুর সদরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত আফাজ উদ্দীন (৪২) সদর উপজেলার রঘুনাথপুর দিঘুলী গ্রামের আব্দুল হামিদ ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহাম্মদ মহব্বত কবীর জানান, বুধবার সকালে মহাসড়কে দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলা এলাকায় এ দুর্ঘটনা হয়।
স্থানীয়দের উদ্ধৃত করে তিনি বলেন, সকালে দিগপাইত থেকে জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আদর্শ বটতলা এলাকার একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ওই সময় গাছটি কাটছিলেন আফাজ উদ্দীন।
ট্রাক গাছে ধাক্কা দিয়ে তাকে চাপা দিলে গুরুতর আহত হন আফাজ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদস্য মহব্বত।
