স্ত্রী হত্যায় ফাঁসি, সন্তান হত্যায় যাবজ্জীবন
নেত্রকোণায় স্ত্রী হত্যার মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
একই আদালত পৃথক আরেক মামলার রায়ে সন্তানকে হত্যার দায়ে এক সহযোগীসহ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ সোমবার এ দুই মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূরুল ইসলাম (৪৫) রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।
কেন্দুয়া উপজেলার পাহারপুর গ্রামে স্ত্রী ছুফিয়া বেগমকে (৩৫) হত্যার ১৪ বছর পর এ মামলার রায় হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সুভাষ বণিক অজয়।
মামলার নথি থেকে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে ২০০০ সালের ২০ জুলাই গভীর রাতে স্ত্রী ছুফিয়াকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী নূরুল ইসলাম। এরপর গ্রামের একটি ধানক্ষেতের পানিতে লাশ ফেলে রাখেন।
পরদিন সকালে লাশ উদ্ধারের পর ছুফিয়ার ভাই আব্দুর রশিদ কেন্দুয়া থানায় নূরুলকে আসামি করে হত্যা মামলা করেন।
২০০৩ সালের ৩০ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
অপর মামলায় যাবজ্জীবন দণ্ডিতরা হলেন নিহত শিশুর বাবা ইমাম হোসেন (৬০) ও তার সহযোগী লাল মিয়া ওরফে লালু মিয়া (৬৫)।
রায় ঘোষণার সময় তারা দুজনেই আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদির ভূইয়া।
এ মামলার নথি থেকে জানা যায়, ইমাম হোসেন স্ত্রীর বড়বোন উম্মে কুলসুমকে ফুসলিয়ে তার স্বামীকে তালাক দেওয়ায় এবং পরে লালু মিয়ার সঙ্গে বিয়ে দেয়।
এ নিয়ে তার শ্বশুরসহ পরিবারের অন্যদের সঙ্গে ইমাম হোসেনের দ্বন্দ্ব দেখা দেয়।
এর জেরে শ্বশুরের পরিবারের সদস্যদের ফাঁসাতে ১৯৯৬ সালের ১৮ মার্চ মধ্যরাতে ইমাম তার সহযোগী লাল মিয়াকে নিয়ে নিজের সন্তান সমতাকে হত্যা করে।
পরে গ্রামের রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি ওই বছরের ২২ জুন পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।
একই বছরের ৭ অগাস্ট এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি কাদির ভূইয়া জানান, দুর্গাপুর উপজেলার বান্দ উষাণ গ্রামে সমতা নামে নয় মাসের এক শিশুকে হত্যার ১৮ বছর পর এ রায় হলো।
দণ্ডিতদের যাবজ্জীবন সাজার পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাভোগের আদেশ দিয়েছেন বিচারক।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় তিন আসামিকে খালাস দেওয়া হয়।
