২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুশাসন নিশ্চিতে চাই পেশাদার প্রশাসন: রাষ্ট্রপতি

সুশাসন নিশ্চিতে প্রশাসনকে দক্ষ ও নিরপেক্ষ করে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 08:44 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

তিনি বলেছেন, “একটি পেশাদার দক্ষ জনপ্রশাসন সুশাসনের অন্যতম পূর্বশর্ত। এটি নিশ্চিত হলে সরকারি কর্মচারীরা জনগণের সেবার প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে।”

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সার্কভুক্ত দেশগুলোর কর্ম কমিশনের প্রধানদের চতুর্থ বৈঠকে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আবদুল হামিদ বলেন, “একটি দক্ষ জনপ্রশাসন সরকারকে জনমুখী বিভিন্ন কাজের পরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়নে সহযোগিতা করে। গণতান্ত্রিক বহুমাত্রিকতা এবং মানবাধিকার সমুন্নত রাখতে যা প্রয়োজনীয়।”

জন প্রশাসনের প্রয়োজনীয়তা বিবেচনা করে সার্কভুক্ত দেশগুলোতে মেধা ও দক্ষতা বিবেচনায় কর্ম কমিশন  নিয়োগ দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দারিদ্র বিমোচনসহ আঞ্চলিক বিভিন্ন ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলোর একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন।

“খাদ্য নিরাপত্তা, আন্তঃসার্ক বাণিজ্য, তথ্য আদান-প্রদান এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা একসঙ্গে কাজ করতে পারি। জ্বালানি, অবকাঠামো, যোগাযোগ খাতে সার্কভুক্ত দেশগুলো যৌথ বিনিয়োগ করতে পারে।”

রাষ্ট্রপতি বলেন, জ্ঞানভিত্তিক, দক্ষ ও জনমুখী সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই ‘দারিদ্রমুক্ত দক্ষিণ এশিয়া’র স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ, সার্কভুক্ত দেশগুলোর কর্মকমিশন প্রধানদের জোটের প্রধান ও শ্রীলঙ্কার সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বিচারপতি সত্য কাড়া হেট্টিগে অনুষ্ঠানে বক্তব্য দেন।