২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে রাষ্ট্রদূতের দায়িত্বে ফিরছেন আসহাব

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা মেজর জেনারেল আসহাব উদ্দিনকেই এক বছরের চুক্তিতে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ফিরিয়ে আনল সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 04:13 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

এই সেনা কর্মকর্তার পিআরএল বাতিলের শর্তে ১০ জানুয়ারি বা যোগ দেওয়ার তারিখ থেকে নতুন এই নিয়োগ কার্যকর হবে বলে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়েছে। 

২০১৩ সালের অগাস্টে বাংলাদেশ মিশনের দায়িত্ব দিয়ে মেজর জেনারেল আসহাবকে কুয়েতে পাঠানো হয়। অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি তিনি অবসরোত্তর ছুটিতে যান।

১৯৭৯ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়া আসহাব উদ্দিন ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনেও কাজ করেছেন তিনি।

আসহাবের কর্মস্থল কুয়েতে আড়াই লাখ বাংলাদেশি রয়েছে। ১৯৭৪ সাল থেকে তেলসমৃদ্ধ এই দেশটি বাংলাদেশকে নানা সহায়তা দিয়ে আসছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী আসহাব ডিফেন্স স্টাডিজ ও রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তোর ডিগ্রি নেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমফিল করেছেন তিনি।