৫১ হাজার টাকায় হজ নিবন্ধন
হজে যেতে আগ্রহীদের জন্য টাকা পরিশোধের শর্ত শিথিল করেছে সরকার।
প্রথম কিস্তিতে আগের ঘোষণার প্রায় এক-তৃতীয়াংশ টাকা পরিশোধ করেই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য নিবন্ধন করা যাবে। বাকি টাকা দ্বিতীয় কিস্তিতে নির্ধারিত সময়ে পরিশোধ করলেই চলবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন করা হয়।
সরকারি ব্যবস্থাপনার হজে যেতে আগ্রহীরা ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।
এর আগে প্রথম কিস্তিতে তাদের ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিতে বলা হয়েছিল।
হজ প্যাকেজ অনুযায়ী বাকি টাকা পরিশোধের জন্য ১০ জুনের নির্ধারিত তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন ফি গ্রহণের সময়সীমা পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।”
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবার মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার জন যাবেন দুই প্যাকেজের আওতায় সরকারি ব্যবস্থাপনায়।
এবার প্রথম প্যাকেজের আওতায় হজে যেতে খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এর বাইরে কোরবানির খরচ আলাদা যুক্ত হবে।
গত ৮ ডিসেম্বর হজে যেতে আগ্রহীদের জন্য এ দুই প্যাকেজ অনুমোদন করে সরকার।
হজের জন্য অনলাইনে নিবন্ধন করতে ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। নিবন্ধনের জন্য টাকা জমা নেওয়া শুরু হয় ১৫ ডিসেম্বর থেকে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “হজ এজেন্সিগুলো ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে জানিয়েছে, হজে যেতে আগ্রহীদের একসঙ্গে এতো টাকা জোগাড় করতে সমস্যা হচ্ছে। এ কারণ তারা বিষয়গুলো পুনর্নির্ধারণের প্রস্তাব দেয়।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর হজ হতে পারে এ বছর।
এবার হজযাত্রীরা কোরবানির খরচ হিসাবে বাড়তি ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক হাজার ডলার করে সঙ্গে নিতে পারবেন।
আর বেসরকারি ব্যবস্থাপনায় কোনো হজযাত্রীর কাছ থেকে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকার কম নেওয়া যাবে না।
