২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও হজের খরচ ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা

হজে যেতে আগ্রহীদের জন্য এবারো দুই ধরনের প্যাকেজ অনুমোদন করেছে সরকার, যাতে খরচ হবে গতবারের তুলনায় কয়েকশ টাকা বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 01:19 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

প্রথম প্যাকেজের আওতায় হজে যেতে খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এর বাইরে কোরবানির খরচ আলাদা যুক্ত হবে।

গত বছর প্রথম প্যাকেজের জন্য হজযাত্রীদের দিতে হয় তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে খরচ ছিল দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আগামী মৌসুমের জন্য এই ‘হজ প্যাকেজ’অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব  মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবার মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার জন যাবেন দুই প্যাকেজের আওতায় সরকারি ব্যবস্থাপনায়।

কোরবানির খরচ হিসেবে প্রত্যেকে বাড়তি ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন।

হজে যেতে অনলাইনে নিবন্ধন করা যাবে ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকেই নিবন্ধনের জন্য টাকা জমা নেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নিবন্ধনের সময় অন্তত ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিতে হবে। বাকি টাকা পরিশোধের জন্য সময় পাওয়া যাবে ১০ জুন পর্যন্ত।

আর বেসরকারি ব্যবস্থাপনায় কোনো হজযাত্রীর কাছ থেকে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকার কম নেওয়া যাবে না।

এবার হজযাত্রীর বিমান ভাড়া এক হাজার ৫২৫ ডলার হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সরকারি ও বেসরকারি হজযাত্রীদের সৌদি সরকার অনুমোদিত ক্যাটারিং কোম্পানি থেকে তিন বেলা খাবার সরবরাহ করা হবে বলে জানান তিনি।