২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে তেলবাহী জাহাজের শ্রমিকরা

জ্বালানি তেলবাহী ১৫০ লাইটার জাহাজের সনদ বাতিলের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রোববার মধ্যরাত থেকে কর্মবিরতির ডাক দিয়েছে জ্বালানি তেলবাহী লাইটার জাহাজের শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 10:52 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রোববার রাতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ব্যানারে অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ডাক দেওয়া হয়। তবে এ কর্মবিরতিতে ভোগ্যপণ্যবাহী লাইটার জাহাজ চলাচল করবে।

ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে দেড়শ তেলবাহী লাইটার জাহাজের সনদ বাতিল করায় তিন হাজার শ্রমিক বেকার হয়ে গেছে।

সারাদেশে তিনশ তেলবাহী লাইটার জাহাজ চলাচল করে জানিয়ে তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুসারে ডাবল হাল ও ডাবল বটম সম্বলিত জাহাজে তেল পরিবহন করা যাবে। একারণে অর্ধেক জাহাজে আর তেল পরিবহন সম্ভব হবে না।

“সরকারি সিদ্ধান্তের কারণে ‍রাতারাতি শ্রমিকরা বেকার হওয়ায় বাধ্য হয়ে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছি,” বলেন খোরশেদ।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ জানুয়ারি সরকারি সিদ্ধান্তটি তারা জানতে পারেন।

“সিদ্ধান্ত পরিবর্তন চেয়ে নৌপরিবহন মন্ত্রীকে আজ (রোববার) পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু মন্ত্রী আজ বিকালেও কিছু জানাতে পারেননি। তিনি ২১ জানুয়ারি পর্যন্ত সময় চান। আমরা বলেছি, ২১ জানুয়ারি পর্যন্ত সময় নিলে ওই দিন পর্যন্ত সব লাইটার চলতে দিতে হবে। মন্ত্রী এই শর্তে রাজি হননি।”

নবী আলম বলেন, “এজন্য ছয় মাস বা এক বছর সময় বেঁধে দিলে সেসময়ের মধ্যে মালিকরা সরকারি শর্ত অনুসারে নতুন লাইটার জোগাড় করবে। এই শর্তে আমরা সিদ্ধান্ত মানতে পারি।”

তেলবাহী লাইটার জাহাজের শ্রমিকরা কর্মবিরতি পালন করলেও ভোগ্যপণ্যবাহী লাইটার চলবে বলে জানান তিনি।

চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল থেকে সড়ক পথের পাশাপাশি সারাদেশে নৌপথে লাইটার জাহাজে করে জ্বালানি তেল পরিবহন করা হয়।