২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চায় কিশোরগঞ্জ

প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগকে স্বাগত জানিয়ে তাতে অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন কিশোরগঞ্জবাসীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

রোববার দুপুরে জেলা সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ মত প্রকাশ করা হয়।

এতে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রাখার পাশাপাশি প্রায় দেড়শত বছরের পুরনো কিশোরগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের দাবিও জানানো হয়।

এসব দাবিতে আগামী রোববার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর কাছে স্মারকলিপির দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।

দাবি মানা না হলে আমরণ অনশন ও ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আইনজীবী সমিতি, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতারা উপস্থিত থেকে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সম্প্রতি মন্ত্রিসভার আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ছয় জেলাকে নিয়ে দেশের অষ্টম বিভাগের কাজ শুরুর নির্দেশ দেন বলে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করিম অমি।

লিখিত বক্তব্যে বলা হয়, এ এলাকার ইতিহাস ঐতিহ্য পর্যালোচনা করলে দেখা যায় রাজধানী ঢাকার সঙ্গে কিশোরগঞ্জ জেলার রয়েছে নিবিড় সম্পর্ক। এছাড়া বর্তমানে ময়মনসিংহের সঙ্গে কিশোরগঞ্জের তেমন যোগাযোগ নেই এবং এ জেলার মানুষ সব কাজকর্মে ঢাকার ওপরই নির্ভর করে।

রাজধানী ঢাকার সঙ্গে গত দুই দশকে কিশোরগঞ্জের যাতাযাত ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। তাই কিশোরগঞ্জকে রাজধানী থেকে বিচ্ছন্ন করা একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা মন্তব্য করেন।

প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগ থেকে কিশোরগঞ্জকে বাদ দেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, কিশোরগঞ্জের মানুষ স্বাধীনতার পর বার বার আওয়ামীলীকে ভোট দিয়ে এসেছে। তাই কিশোরগঞ্জবাসীর দাবি নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিবেচনা করবেন।

সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লুৎফুল আরেফিন গোলাপ, আওয়ামী লীগ নেতা মাহমুদ পারভেজ, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সুলাতানা রাজিয়া, জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আশরাফ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।