সহিংসতা প্রধানমন্ত্রীর ‘নির্দেশে বা জ্ঞাতসারে’, দাবি রফিকের
অবরোধে সহিংসতার জন্য বিরোধী জোটকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টায় নাশকতার জন্য সরকারকেই দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
অবরোধের সমর্থনে মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “যে সব সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, তার সঙ্গে আমরা জড়িত নই।
“আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশে বা জ্ঞাতসারে যারা এই সন্ত্রাসী কাজ করছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”
বিএনপি সমর্থক আইনজীবী সংগঠনের সভাপতি রফিকুল হরতাল-অবরোধে নাশকতার একাধিক মামলার আসামি।
“আমার বিরুদ্ধে ৮টা মামলা দিছে। আমি কাউকে নির্দেশ দেই নাই। তাহলে কেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন? তার অর্থ আপনারাই এই কাজগুলো করেছেন। সেই কাজগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছেন।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দাবি করে আসা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি অবরুদ্ধ অবস্থা থেকে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন।
অবরোধে গাড়ি পোড়ানো, ভাংচুর, বোমাবাজির মধ্যে সোমবার ঢাকায় আওয়ামী লীগের এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, এই সন্ত্রাসীদের রুখে দিতে হবে।
খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রফিকুল বলেন, “একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, একজন প্রধানমন্ত্রী এই জাতীয় ভাষা ব্যবহার করতে পারেন কি না, আপনারা বুঝতে পারেন। তার ভাষা থেকে বোঝা যায়, তার মাথা স্থির নেই। তাহলে এই কথা তিনি বলতেন না।”
খালেদা জিয়া অবরুদ্ধ নন বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, “সাহস থাকলে বলেন, ‘বেগম জিয়া নির্বিঘ্নে ঢাকা শহরের যে কোনো স্থানে জনসভা করতে পারবেন।
রফিকুল ইসলাম মিয়া (ফাইল ছবি)
“বেগম জিয়াকে অবরুদ্ধ করে রেখেছেন, চতুর্দিকে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছেন। বালির বস্তা রাখছেন। আর বলছেন, উনি নাকি অবরুদ্ধ নন।”
“যতক্ষণ বেগম জিয়া মুক্ত না হবেন, তাকে জনসভা করতে না দিবেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে না নেবেন, ততক্ষণ শান্তিপূর্ণ অবরোধ চলবে,” ঘোষণা দেন এই আইনজীবী নেতা।
সুপ্রিম কোর্টে অস্ত্র-বোমা পাওয়ার ঘটনায় অবরোধকারীদের সন্দেহ করে অ্যাটর্নি জেনালের বক্তব্যের প্রতিবাদও জানান রফিকুল।
“স্পষ্ট করে বলতে চাই, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা দেখেছি, ছাত্রলীগ পিস্তল হাতে তাড়া করেছে। পুলিশের প্রটেকশনে যারা রাস্তায় অস্ত্র নিয়ে ঘোরে, তারা কারা? তারা বিএনপির, না কি আওয়ামী লীগের সন্ত্রাসী। যারা এই সন্ত্রাসী তারাই এই হাই কোর্টে বোমা রেখেছে।”
সন্দেহের ভিত্তিতে কোনও কথা না বলতে অ্যাটর্নি জেনারেলকে আহ্বান জানানোর পাশাপাশি বোমা-অস্ত্রের পেছনে কারা রয়েছে, তাদের সনাক্ত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান এই আইনজীবী নেতা।
আগামী বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশের সব আইনজীবী সমিতিতে বিক্ষোভ পালনের ঘোষণাও দেন তিনি।
নিরাপত্তা বিঘ্নিত করে আন্দোলন নয়
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্মমহাসচিব মাহবুবউদ্দিন খোকন আদালতের নিরাপত্তা বিঘ্নিত করে কোনো আন্দোলন চান না বলে জানিয়েছেন।
আদালতে বোমা পাওয়ার পর আইনজীবী সমিতির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার এই অবস্থান জানান তিনি।
বিএনপি সমর্থক আইনজীবীদের অধিকারে থাকা বারের সম্পাদক এমন সময়ে একথা বললেন, যখন তাদের বিরুদ্ধেই নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ করছেন সরকার সমর্থক আইনজীবীরা।
খোকন বলেন, “সুপ্রিম কোর্ট জাতীয় ঐতিহ্যের প্রতীক। স্পর্শকাতর এলাকা। এখানে আমরা আইনজীবীরা যারা কাজ করি, আমাদের জীবন ও জীবিকা। এখানে গত পরশু দুটি এজলাসে বোমাসদৃশ জিনিস পাওয়া গেছে।
“এটা কত কষ্টদায়ক, কত দুঃখের। এটা সুপ্রিম কোর্টের মর্যাদা ও ঐহিত্যকে ক্ষুণ্ন করার ষড়যন্ত্র।”
সুপ্রিম কোর্টে পাওয়া বোমা
বোমা বিস্ফোরিত হলে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী যে কারও মৃত্যু ঘটতে পারত উল্লেখ করে বার সম্পাদক বলেন, “এই ঘটনা আমরা আশা করি না। চিন্তা বা কল্পনাও করতে পারি না। এই ঘটনা আমাদের সবার জন্য সতর্কতা।
“আমরা চাই না, সর্বোচ্চ আদালতের নিরাপত্তা বিঘ্নিত হোক। আমাদের জীবনের বিনিময়ে, প্রাণের বিনিময়ে হলেও নিরাপত্তা রক্ষা করব।”
“এখানে ফজলুল হকের আমল থেকে গণতান্ত্রিক আন্দোলন হয়। আন্দোলন হবে। তবে নিরাপত্তা বিঘ্নিত করে কোনো আন্দোলন আমরা চাই না। আমরা সহিংসতায় বিশ্বাস করি না।”
সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, আদালতে নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নিতে তারা অ্যাটর্নি জেনারেল, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, শাহবাগ থানার ওসিকে চিঠি দিয়েছেন।
আইনজীবী সমিতির সদস্য, জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে যুক্ত শিক্ষানবিশ, নিবন্ধিত অ্যাডভোকেট ক্লার্ক ছাড়া কেউ যাতে আদালতে ঢুকতে না পারে, সেজন্য কড়াকড়ি আরোপের কথাও বলেন বার সভাপতি।
“শিক্ষানবিশ আইনজীবীদেরকে ব্যাজ ও পরিচয়পত্র দেবে সমিতি, তাদেরকে এটা সংগ্রহ করতে হবে। ক্লার্কদেরকে পরিচয়পত্র নিয়ে আদালতে আসতে হবে।”
“নিরাপত্তায় এখানে জিরো টলারেন্স দেখানো হবে,” বলেন মাহবুব।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব এই প্রসঙ্গে বলেন, “অ্যাটর্নি জেনারেল এটাকে অবরোধকারী ও জঙ্গিদের ওপর চাপাতে চেয়েছেন। আমি যদি বলি, বিএনপি নেতাদেরকে বাড়িতে বোমা হামলাকারীরা এটা করেছে, তাহলে কী হবে?
“এটা নিয়ে রাজনীতি না করে সবাইকে একত্রে কাজ করতে হবে।”
