২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এত কিছু ফাঁকি দিয়ে আদালতে বোমা কিভাবে: খোকন

আদালতে বোমার পেছনে অবরোধকারী-জঙ্গিবাদীদের ‘হাত’ থাকতে পারে বলে সন্দেহ করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 09:29 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

অন্যদিকে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মতো সুরক্ষা ব্যবস্থার পরও হাই কোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে বোমা ঢোকার পেছনে ‘ষড়যন্ত্র’ দেখছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে রোববার সুপ্রিম কোর্টে দুটি বিচার কক্ষে বিস্ফোরকভর্তি কয়েকটি কৌটা পাওয়া যায়। এছাড়া টয়লেটে পাওয়া যায় একটি পিস্তল, যা ঢাকার সাবেক এক ওয়ার্ড কমিশনারের।

সর্বোচ্চ আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে বোমা ও পিস্তল পাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সরকার সমর্থক-বিরোধী উভয় পক্ষের আইনজীবীরা।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম অতীতে জেএমবির বোমাহামলা ও বিচারক হত্যার বিষয়টি তুলে ধরে সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “অতীতে দেখা গেছে, জঙ্গিবাদীদের প্রধান টার্গেট আদালত। কারণ তারা প্রচলিত আইনে বিশ্বাস করে না। আর আদালত তাদের মত অনুসারে চলে না।

“অবরোধ সফল করতে রাস্তায় গাড়িতে ইট ছোড়ে। এটা অবরোধ সার্থক করার প্রয়াসও হতে পারে।”

যে আদালতে বোমা পাওয়া গিয়েছিল, ওই আদালতে এমন একটি মামলার শুনানি চলার কথাও জানান অ্যাটর্নি জেনারেল।

“বাঁশের কেল্লা সমর্থনকারীদের একটি টেলিকমিউনিকেশন বিষয়ে একটি মামলা রয়েছে, যার মালিকানায় বিএনপি নেতার পরিবারের সদস্য রয়েছেন। এই মামলায় তারা সময়ও প্রার্থনা করেছেন।”

এই ঘটনার পর আদালত সংশ্লিষ্ট সবার ঝুঁকির কথা তুলে ধরে মাহবুবে আলম বলেন, “আমাদের আদালতে জনগণের যে ভিড় তা কোনো দেশের আদালতে নেই। সে সব দেশে আদালতে ঢুকতে হলে পাস নিয়ে ঢুকতে হয়। এটাও বিবেচনায় নিতে হবে।”

আইনজীবী সমিতির সম্পাদক খোকন সোমবার সুপ্রিম কোর্টে এক সমাবেশে বলেন, “সুপ্রিম কোর্টের প্রবেশের সময় আর্চওয়ে রয়েছে, মেটাল ডিটেক্টর রয়েছে। এসব ফাঁকি দিয়ে কিভাবে আদালতে বোমা গেল?

সুপ্রিম কোর্টের সিসি ক্যামেরার ধারণ করা চিত্র দেখে অবিলম্বে এই বোমার হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

“সরকারের বিরুদ্ধে কে কি বলল, তা জানানো গোয়েন্দাদের কাজ নয়। কিন্তু তারা সেটাই করছে। অন্যদিকে আদালতের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারছে না। প্রয়োজনে বোমা রাখার ঘটনায় এদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক।”

বিএনপির যুগ্মমহাসচিব খোকন বলেন, “যে পিস্তল সুপ্রিম কোর্টে পাওয়া গেছে, সেটা আওয়ামী লীগের এক ওয়ার্ড কমিশনারের। সুপ্রিম কোর্টে বৈধ-অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ হলেও তিনি এক সপ্তাহ আগে এসেছিলেন। এক সপ্তাহ পর সেই অস্ত্র অন্য বাথরুমে পাওয়া গেল।”

পুরনো খবর:

অবরোধের মধ্যে সুপ্রিম কোর্টে মিলল পিস্তল, বোমা