২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের মধ্যে সুপ্রিম কোর্টে মিলল পিস্তল, বোমা

বিএনপির ডাকা অবরোধের মধ্যে দুই বিচারপতির বাড়ি লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণের পর এবার সর্বোচ্চ আদালতে মিলেছে একাধিক বোমা ও একটি গুলিভর্তি পিস্তল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

বোমাগুলো কিভাবে বিচার কক্ষে গিয়েছিল, তা জানা যায়নি। টয়লেট থেকে উদ্ধার হওয়া পিস্তলটি আট দিন আগে খোয়া যাওয়া ঢাকার সাবেক একজন ওয়ার্ড কমিশনারের বলে পুলিশ জানিয়েছে।

অবরোধের ষষ্ঠ দিন রোববার দুপুরে দুই দফায় সুপ্রিম কোর্টের দুটি এজলাসে মোট তিনটি হাতবোমাসদৃশ বস্তু দেখতে পান আইনজীবীরা। একটি পরীক্ষা করে তা বোমা বলে নিশ্চিত করে পুলিশ, বাকি দুটোও একই রকম।

সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মূল ভবনের তৃতীয় তলার টয়লেটে পাঁচটি গুলিসহ পিস্তলটি পাওয়া যায় বলে উচ্চ আদালত এলাকায় দায়িত্বরত পুলিশের এসআই শেখ সিরাজুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ জানুয়ারি পাশের টয়লেট থেকেই নিজের গুলিভর্তি ওই পিস্তল চুরি হয় বলে শাহবাগ থানায় মামলা করেছিলেন ঢাকার ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেকেন্দার আলী।

আইনজীবী সমিতির সুপার দীনেশ চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় এক লোক এসে টয়লেটে অস্ত্র দেখার কথা জানায়। পরে দারোয়ান পাঠিয়ে আমরা বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশে খবর দিই।”

এর আগে দুপুরে হাই কোর্টের এনেক্স ভবনের বিচারকক্ষে থেকে একটি বোমা উদ্ধার করে পুলিশ, যা বইয়ের ভেতরে গোল ছিদ্র করে কৌটার মধ্যে কৌশলে রাখা ছিল।

সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের বিরতির পর বেলা ২টার দিকে এনেক্স ভবনের নয় নম্বর বিচারকক্ষের ভেতরে আইনজীবীদের বসার বেঞ্চে মোটা বইটি দেখতে পান একজন বেঞ্চ অফিসার। বইয়ের মলাট ওল্টালে দেখা যায় ভেতরে গোল করে কেটে তার মধ্যে টেপ জড়ানো একটি কৌটা রাখা।

এ খবরের সঙ্গে সঙ্গে আদালত ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। আদালতে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা হাতে হাত বেঁধে ওই কক্ষের বাইরে অবস্থান নেন।

নুরুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বিচারকক্ষে সকাল থেকে যথারীতি আদালত বসে; বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চে কয়েকটি মামলার শুনানিও হয়।

পরে ওই কৌটাটি পরীক্ষা করে তাতে বিস্ফোরক পাওয়া যায় বলে জানিয়েছেন ডিএমপির বোমা নিস্ত্রিয়করণ ইউনিটের সহকারী কমিশনার রহমতুল্লাহ চৌধুরী।

এর ঘণ্টাখানেকের মধ্যে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি নূরুল হুদা জায়গীরদারের এজলাস কক্ষে বোমাসদৃশ আরও দুটি কৌটা দেখতে পান এক আইনজীবী।

এ দুটি প্রায় দুই হাজার পৃষ্ঠার বড় একটি বইয়ের ভেতর কৌশলে দুটি ছিদ্র করে রাখা ছিল বলে জানিয়েছেন আদালত পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক ইসরাফিল হোসেন।

নতুন দুটি কৌটাও আগেরটির মতোই জানিয়ে রহমতুল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিস্ফোরক অধিদপ্তরের লোক এসে পরীক্ষার পর কৌটাগুলোতে কী মাত্রার ক্ষতিকর বিস্ফোরক রয়েছে, তা চূড়ান্তভাবে বলা যাবে।”

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে দুই বিচারক ও আইনমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে নাশকতার চেষ্টার পর খোদ উচ্চ আদালতে বোমা পাওয়ার ঘটনা ঘটল।

গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকায় সমাবেশ করতে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের এই কর্মসূচি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তারপর থেকে প্রতিদিনই ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটছে।

তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির বাড়ির সামনে বৃহস্পতিবার বোমাবাজির ঘটনা ঘটে।

একই দিনে ভোরের দিকে ফেনীতে ওই বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।

আর শুক্রবার রাতে রাজধানীর বনানীতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসার সীমানার ভেতরে ছুড়ে দেওয়া একটি হাতবোমা বিস্ফোরিত হলে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি সে সময় বাসায় ছিলেন না।

পুরনো খবর:

হাই কোর্টের বস্তুটি বোমাই ছিল