গাইবান্ধায় ট্রাক ভাংচুর, অগ্নিসংযোগ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ট্রাকে ভাংচুর চালিয়ে আরেকটিতে আগুন দিয়েছে অবরোধকারীরা।
এ নাশকতা ঘটনায় ট্রাক থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন চালক ও তাদের সহকারীরা।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কাছে সবরিতলা এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
অবরোধে নাশকতা ঠেকাতে পুলিশ পাহারায় যানবাহন চলাচল করছে জানিয়ে ওসি বলেন, “উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তারপরও ওই এলাকায় গাইবান্ধা থেকে বগুড়াগামী দুটি ট্রাকের গতিরোধ করে অবরোধকারীরা। তারা একটি ট্রাক ভাঙচুর করে ও আরেকটিতে আগুন ধরিয়ে দেয়।”
বিএনপির ডাকা অবরোধের মধ্যে গত সাত দিনে এ নিয়ে পাঁচটি ট্রাক পোড়ানো হল গাইবান্ধায়।
গাইবান্ধা জেলা জ্বালানি তেল পরিবেশক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার প্রশাসনের সহযোগিতায় ডিজেল ও পেট্রল আনার জন্য গাইবান্ধার চারটি ট্যাংকলরি সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। বগুড়ার শাহজাহান এলাকায় পৌঁছলে অবরোধকারীরা লরিগুলোতে ভাংচুর চালায়।
