ঢাকায় ৭ গাড়িতে আগুন
লাগাতার অবরোধের সপ্তম দিনে রাজধানীতে পাঁচটি বাসসহ মোট সাতটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া তিনটি স্থানে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন সাতজন।
সোমবার দিনের বিভিন্ন সময় এসব গাড়িতে অগ্নিসংযোগ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানিয়েছেন।
সকাল পৌনে ১০টার দিকে গুলিস্তান গোলাপ শাহ মাজারের কাছে গাজীপুর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
প্রগতি স্মরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনের এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বেলা পৌনে ১২টার দিকে।
সন্ধ্যার পর টঙ্গি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি কভার্ড ভ্যান, বংশালের নবাবপুরে একটি পিকআপ এবং তেজগাঁও নাবিস্কোর সামনে একটি বাস পোড়ানো হয়।
রাত পৌনে ৯টায় মিরপুর ১১ নম্বরে সেফটি এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দেওয়া হয়। তার দেড় ঘণ্টার মধ্যে কারওয়ান বাজারে ইটিসি লিমিটেডের একটি বাস পোড়ানো হয়।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের ষষ্ঠ দিন রোববার ঢাকায় দুটি বাস পোড়ানো হয়। তার আগের দিন আগুন দেওয়া হয় অন্তত ১০টি গাড়িতে। শুক্রবার পোড়ানো হয় ১০টি যানবাহন। বৃহস্পতিবার আগুন দেওয়া হয় তিনটি বাসে।
তার আগে মঙ্গলবার রাজধানীতে আগুন দেওয়া হয় ছয়টি গাড়িতে। বুধবার সারাদিন মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পরপরই চারটি বাস পোড়ানো হয়।
বরিশালে বাসে আগুন
বরগুনা থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সোমবার রাত ১১টার দিকে বরিশালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে বাসের অধিকাংশ পুড়ে গেলেও নেমে যাওয়ায় রক্ষা পেয়েছেন সব যাত্রী।
বরিশাল সদর উপজেলার কর্ণকাঠীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে বাসটির চালক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “রাত ১১টার দিকে বরিশালের কর্ণকাঠী এলাকায় সড়কের দুই পাশ থেকে বাস লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারা হয়। তখন বাসে আগুন ধরে যায়।”
এসময় বাসে ২৯ জন যাত্রী ছিলেন জানিয়ে নজরুল বলেন, সবাই নিরাপদে নামতে পেরেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী জানান, ওই বাসের যাত্রীদের সাকুরা পরিবহনের অন্য একটি বাসে উঠিয়ে দেওয়া হয়।
আগুন নেভানোর পর বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
ঢাকায় হাতবোমায় আহত ৭
অবরোধের সপ্তম দিন বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, সুরিটোলা ও তাঁতীবাজারে বোমা বিস্ফোরণে এক নারীসহ সাতজন আহত হয়েছেন।
আহতরা হলেন- মো. হাসান (৩০), মিলন (৩০), জাবেদ (৩৫), আ. লতিফ (৩৫), আসলাম (৩৫), আব্দুল জব্বার (৪০) ও নিপা আক্তার (২৫)। এরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে বিকালে দুটি হাতবোমা বিস্ফোরণে হাসান, মিলন, জাবেদ, লতিফ ও আসলাম আহত হন।তারা নবাবগঞ্জ উপজেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে এসেছিলেন।
পলাশ নামে এক যুবক নিজেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে হাসপাতালে সাংবাদিকদের বলেন, বিকাল ৪টার দিকে তারা কয়েকটি গাড়িতে করে সমাবেশস্থলে আসেন।
“কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে সকলে বাস থেকে নেমে সমাবেশস্থলে রওয়ানা দেন। কিছু যুবক শহীদ মিনারে বসে বিশ্রাম করছিল। এসময় হঠাৎ দুটি ককটেল বিস্ফোরিত হয়।”
বিকাল সাড়ে ৩টার দিকে সুরিটোলা স্কুলের সামনের রাস্তায় দুটি হাতবোমা বিস্ফোরিত হলে রিকশা আরোহী নিপা আহত হন। তিনি ওই সময় নাজিরাবাজার হাজী ওসমান গণি লেনের বাসায় যাচ্ছিলেন।
প্রায় একই সময় তাঁতীবাজার এলাকায় একটি হাতবোমা বিস্ফোরিত হলে পথচারী আব্দুল জব্বার আহত হন।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আহত প্রায় সবার পায়ে বোমার স্প্লিন্টারের জখম রয়েছে। তবে কেউ গুরুতর আহত নন।
