২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের ৭ম দিন: গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও গ্রেপ্তার

বিএনপির ডাকা অবরোধের সপ্তম দিনে একাধিক জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 08:51 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

সোমবার বিভিন্ন এলাকায় এসব নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় বিএনপি-জামায়াতের বেশ কিছু নেতাকর্মীকেও আটক করেছে পুলিশ।

এছাড়া বিভিন্ন স্থানে অবরোধ সমর্থকরা পুলিশের দিকে হাতবোমাও ছুড়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত তুলে ধরা হলো:

সাভার-আশুলিয়া

অবরোধের সপ্তম দিনে সোমবার সাভার ও আশুলিয়ায় অন্তত ১০টি যানবাহনে ভাংচুর চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রাজালাখ ফার্ম এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলকর্মীরা এবং আশুলিয়ার বিশ মাইল এলাকায় ঢাকা জেলা মহিলা দলের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে যানবাহন ভাংচুর করে।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে জিরাবো এলাকার অরুনিমা গার্মেন্টেসের শ্রমিকবাহী একটি বাসে অবরোধ সমর্থনকরা আগুন দিলেও কেউ হতাহত হয়নি।

সাভারের এএসপি শফিকুল ইসলাম ও ধামরাইয়ের ওসি ফিরোজ তালুকদার জানান, আশুলিয়াসহ সাভার ও ধামরাই থেকে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে আটক করেছে করা হয়েছে।

এদের মধ্যে ভোরে সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে মিছিল করে মহাসড়কে ভাঙচুর ও নাশকতার চেষ্টার অভিযোগে আশুলিয়া থানা মহিলা দলের নাজনীন (৪৫), রোকসানা (৩৪), পারভিন (৪৩), আসমা আক্তার (২৪) ও ইয়াসমিনসহ (৪০) আটজনকে আটক করা হয়।

আশুলিয়ার শিল্পাঞ্চলে ইট-পাটকেল নিক্ষেপ করে যানবাহন ভাঙচুর ও নাশকতার অভিযোগে সাতজন এবং জয়পুরা ও বাথুলী থেকে দুই যুবদল কর্মীসহ তিনজনকে আটক করা হয়।

রাজশাহী

রাজশাহীতে বেশ কয়েকটি স্থানে পণ্যবোঝাই ট্রাকে আগুন দিয়ে ও সড়কে চাকা কাঁটা ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ সমর্থকরা।

শাহ মখদুম থানার এসআই শাজাহান বলেন, সোমবার ১২টার দিকে পবা উপজেলার নওহাটা বিমানবন্দরের সামনে অবরোধকারীরা ঝটিকা মিছিল থেকে সবজিবোঝাই একটি পিকআপের গতিরোধ করে আগুন দেওয়ার পর পালিয়ে যায়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি খন্দকার নূর হোসেন জানান, রোববার মধ্যরাতে শহর বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় কীটনাশকবাহী একটি পিকআপে আগুন দেওয়া হয়। এসময় চালক ও তার সহকারীকে মারধর করা হয়।

পুঠিয়ার ওসি শফিউল আলম বলেন, রোববার রাতে ঢাকামুখী পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করলে টহল পুলিশের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায় তারা।

চট্টগ্রাম

চট্টগ্রামের সাতটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ড, বোয়ালখালী, রাউজান ও রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তার ৪২ জনের মধ্যে ২৮ জন জামায়াত-শিবিরের, চারজন বিএনপিকর্মী ও বাকি ১০ জন বিভিন্ন মামলার আসামি।”

সিরাজগঞ্জ

অবরোধে নাশকতার চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা করেছে পুলিশ।

তবে অবরোধের মধ্যে উত্তরবঙ্গ মহাসড়ক, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দূরপাল্লার বাস, কোচ ও পণ্যবোঝাই ট্রাকসহ ভারি যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এছাড়া শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ বন্দর থেকে পুলিশ পাহারায় জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও সারবোঝাই উত্তরাঞ্চলের বিভিন্ন পেট্রোল পাম্প ও সার গুদামে পাঠানো হয়।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, বিভিন্ন সময়ে নাশকতার চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারদের মধ্যে বেলকুচি পৌর যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রয়েছেন।

চাঁদপুর

সোমবার দুপুরে চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি অটোরিকশায় আগুন দেয় বিএনপিকর্মীরা।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এছাড়া চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট, দেবপুর ও কুমারডুগী এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, অবরোধে জেলার বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা দেওয়ার সময় আটজনকে আটক করা হয়েছে।

কুষ্টিয়া

সোমবার সকালে শহরের কোর্ট স্টেশন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও গ্রেপ্তারদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। পরে তবে অবরোধ সর্মথনে জেলা বিএনপির মিছিল শহরের মজমপুর গেট এলাকায় গেলে ধাওয়া দিয়ে পণ্ড করে দেয় পুলিশ।

রোববার গভীর রাতে কুষ্টিয়ার লক্ষ্মীপুর এগারো মাইল এলাকায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে দিকে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মহিবুল ইসলাম জানান, এঘটনায় জড়িত সন্দেহে চার বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

এছাড়া একই এলাকায় আরও দুটি ট্রাকের গ্লাস ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঝিনাইদহ

জেলার পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কা সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রোববার মধ্য রাতে শৈলকূপার মদনডাঙ্গা এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে একটি ট্রাকে ভাংচুর করে এবং আগুন দেয়।

এছাড়া উপজেলার কবিরপুর এলাকায় অবরোধকারীরা ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারলে তাতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রেপ্তারদের মধ্যে ঝিনাইদহ জেলা শ্রমিক দলে সভাপতি আবু বকর সিদ্দিকী ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলি রয়েছেন।