২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালীর আরও টাকা উদ্ধার, মামলা দায়ের

ফরিদপুর রূপালী ব্যাংকের চুরি যাওয়া টাকার মধ্যে কয়েক দফায় এক কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 04:40 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

ভল্টচুরির কোটি টাকা ব্যাংককর্মীর উঠোনে
রূপালী ব্যাংকে চুরি: চাবি দিয়েই ভল্ট খুলেছে চোরেরা

এ ঘটনায় ব্যাংকটির ম্যানেজার খান মো. শহিদুল ইসলাম বাদী হয়ে সোমবার সকালে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

রুপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক খান মো. শহিদুল ইসলাম জানান, রোববার গভীর রাতে ব্যাংকটির অফিস সহকারী আবুল কালাম আজদের বাড়ি থেকে ৬৫ হাজার এবং সোমবার সকালে রূপালী ব্যাংকের আরেকটি শাখায় তার একাউন্ট থেকে ২ লাখ টাকা জব্দ করা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় আবুল কালাম আজদের ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের বাড়ির উঠান খুঁড়ে উদ্ধার করা হয় এক কোটি ২২ লাখ টাকা।

এছাড়া এ ঘটনার পর ব্যাংকের ভল্ট ও কাউন্টারসহ বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলে জানান তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, আবুল কালাম আজাদসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যে ২ লাখ ৬৫ হাজার টাকার হদিস পাওয়া যায়।

আজাদের নামে বেনামে রাখা বিভিন্ন ব্যাংক একাউন্ট জব্দ করে চুরি যাওয়া বাকি টাকা উদ্ধারের কাজ চলছে।

মামলায় আজাদের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

সোমবার আজাদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতে  (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

অফিস সহকারী আবুল কালাম আজদ বৃহস্পতিবার দিন শেষে ভল্ট ও স্ট্রং রুমের তালা না লাগিয়ে কাশিয়ারের কাছে চাবি জমা দেন। শুক্রবার সকালে ব্যাংকে গিয়ে প্রহরী আশিক ও লুৎফরকে কৌশলে ব্যাংকের বাইরে পাঠিয়ে দেন।

এরপর ভল্ট খুলে এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা একটি প্লাস্টিকের ড্রামে ভরে নিয়ে বাড়ির উঠানে গর্ত খুঁড়ে এক কোটি ২২ লাখ টাকা লুকিয়ে রাখেন।

বাকি টাকার মধ্যে ১৮ লাখ টাকা রূপালী ব্যাংকের তার নামে দুটি একাউন্টে জমা রাখেন এবং ১৫ লাখ বিভিন্ন জনকে দেন বলে জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান।

শহরের নিলটুলী মুজিব সড়কে রূপালী ব্যাংকের ওই শাখায় চুরির বিষয়টি সকালে জানাজানি হওয়ার পরপরই আজাদ, ব্যাংকের নিরাপত্তা প্রহরী ফারুক হোসেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আনসার সদস্য লুৎফর, রফিক ও আশিকুলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।