রূপালী ব্যাংকে চুরি: চাবি দিয়েই ভল্ট খুলেছে চোরেরা
কোন তালা না ভেঙেই ফরিদপুর শহরের রূপালী ব্যাংকের কর্পোরেট শাখাটির চাবি দিয়ে ভল্ট খুলেই টাকা চুরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।
দুইদিন সাপ্তাহিক ছুটির পর রোববার সকালে শহরের নিলটুলী মুজিব সড়কের রূপালী ব্যাংকটির ওই শাখাটি খোলার কিছুক্ষণের মধ্যে ভল্ট থেকে দেড় কোটি টাকারও বেশি খোয়া যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে বলে জানিয়েছেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক খান শহিদুল ইসলাম।
তিনি বলেন, “সকালে ব্যাংকের ভল্ট থেকে টাকা বের করতে গিয়ে সেটির তালা খোলা পায় কর্মকর্তারা। পরে খবর দেওয়ার পর পুলিশ আসলে, তাদের নিয়েই ভল্ট কক্ষে ঢোকা হয়।”
তিনি জানান, কর্পোরেট শাখা হওয়ায় ব্যাংকে বিভিন্ন শাখার দুই কোটির বেশি টাকা ছিল।
“সেখান থেকে বড় নোটের তোড়াগুলোসহ (এক হাজার টাকার নোট) কত টাকা চুরি গিয়েছে, সে বিষয়টি এখনও নিশ্চিত করা যাচ্ছে না। তবে শিগগিরই হিসেব করে তা বের করা হবে। থেকে যাওয়া বাকি টাকা (ছোট নোট) পুলিশ জব্দ করেছে,” বলেন শহিদুল ইসলাম।
ব্যাংকের উপ মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ বলেন, “কীভাবে এমনটি ঘটলো তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ভল্টের কোথাও ভাঙ্গা নেই । চাবি দিয়েই ভল্ট খোলা হয়েছে।”
এ ঘটনায় ব্যাংকের ওই শাখার দুইজন কর্মচারী ও তিন আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- ব্যাংকের অফিস সহকারী আবুল কালাম আজাদ ও নিরাপত্তা প্রহরী ফারুক হোসেন এবং আনসার সদস্য লুৎফর, রফিক ও আশিকুল।
কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, “ব্যাংকের কোন গেইট ও ভল্টের কোন তালাই ভাঙ্গা হয়নি। ফলে চুরির বিষয়টি রহস্যজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেড় কোটি টাকার বেশি চুরি হয়ে গেছে ।
তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
চুরির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান ফরিদপুর জেলা পুলিশের এসপি জামিল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, র্যাবের মেজর মোজ্জামেল হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে টাকা খোয়া যাওয়ায় সারাদিনই রূপালী ব্যাংকের ওই শাখাটির লেনদেন বন্ধ থাকে। ফলে বিভিন্ন এলাকা থেকে গ্রাহকরা লেনদেন করতে এসে ফিরে যান, পড়েন ভোগান্তিতে।
এই শাখার গ্রাহক নজরুল ইসলাম বলেন, “ব্যাংকে চুরি হওয়ায় টাকা তুলতে পারিনি। ছেলে ঢাকায় লেখাপড়া করে তার খরচের টাকা পাঠানো জন্য টাকা তুলতে এসেছিলাম।”
আরেক গ্রাহক ফরিদপুর শহরের ব্যবসায়ী অসিত কর্মকার বলেন, “ব্যবসায়িক কাজে টাকা তুলতে গেলে টাকা দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।”
সালেহা বেগম নামের এক গ্রাহক বলেন, “আজ (রোববার) জমি দলিল করার জন্য টাকা তুলতে এসেছিলাম ব্যাংকে লেনদেন বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে।”
