২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভল্টচুরির কোটি টাকা ব্যাংককর্মীর উঠোনে

ফরিদপুর শহরে রূপালী ব্যাংকের কর্পোরেট শাখার ভল্ট থেকে দেড় কোটি টাকা খোয়া যাওয়ার ঘটনা জানাজানি হওয়ার পাঁচ ঘণ্টার মাথায় বেশির ভাগটাই উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 07:03 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

রূপালী ব্যাংকে চুরি: চাবি দিয়েই ভল্ট খুলেছে চোরেরা
ফরিদপুরে রূপালী ব্যাংক থেকে দেড় কোটি টাকা চুরি

জেলার পুলিশ সুপার জামিল হাসান জানান, রোববার সন্ধ্যায় সদর ইউনিয়নের মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ওই ব্যাংকের অফিস সহকারী আবুল কালাম আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে এক কোটি ২২ লাখ টাকা পাওয়া যায়।

শহরের নিলটুলী মুজিব সড়কে রূপালী ব্যাংকের ওই শাখায় চুরির বিষয়টি সকালে জানাজানি হওয়ার পরপরই আজাদ, ব্যাংকের নিরাপত্তা প্রহরী ফারুক হোসেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আনসার সদস্য লুৎফর, রফিক ও আশিকুলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা জামিল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে আবুল কালাম আজাদ জানান, গত বৃহস্পতিবার দিন শেষে আবুল কালাম আজাদ ব্যাংকের ভল্ট ও স্ট্রং রুমের তালা খুলে রেখেই ক্যাশিয়ারের কাছে চাবি জমা দেয়।

“পরে শুক্রবার সকালে ব্যাংকে গিয়ে প্রহরী আশিক ও লুৎফরকে কৌশলে বাইরে পাঠিয়ে দিয়ে ভল্ট থেকে এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা একটি প্লাস্টিকের ড্রামে ভরে বাড়ি নিয়ে যায়। বাড়ির উঠানে গর্ত খুঁড়ে ড্রামে এক কোটি ২২ লাখ টাকা পুঁতে রাখে।

“বাকি টাকার মধ্যে ১৮ লাখ টাকা রূপালী ব্যাংকের নিজের নামে দুটি অ্যাকাউন্টে জমা রাখে এবং ১৫ লাখ বিভিন্ন জনকে দিয়েছে।”

রূপালী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক খান মো. শহিদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান ।

দুই দিন সাপ্তাহিক ছুটির পর সকালে ব্যাংক খুললে ভল্ট থেকে টাকা খোয়া যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভল্ট থেকে টাকা বের করতে গিয়ে কর্মকর্তারা তালা খোলা পান। পুলিশ আসার পর তাদের নিয়ে ভল্টে ঢুকে চুরির বিষয়টি তারা নিশ্চিত হন।”

ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা প্রথম থেকেই টাকা চুরির ঘটনায় ব্যাংকের কারও সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করে আসছিলেন।

ব্যাংকের উপ মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাবি দিয়েই ভল্ট খুলে টাকা নেওয়া হয়।”

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হকও জানান, ব্যাংকের কোনো গেইট বা ভল্টের কোনো তালাই ভাঙা হয়নি।

ভেতরের লোককে সন্দেহ হওয়ার কারণেই দুপুরে অফিস সহকারী আজাদ ও নিরাপত্তা প্রহরী ফারুকসহ পাঁচজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আজাদের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়।