২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের দাম বাড়বে

নতুন করে দরপত্র আহ্বান করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত অধিদপ্তরের ‘উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের’ ফ্ল্যাটের দাম নির্ধারিত দামের চেয়ে বাড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠকে গণপূর্ত অধিদপ্তর ও রাজউক থেকে একথা জানানো হয়।

তবে এসব ফ্ল্যাটের দাম কী পরিমাণে বাড়তে পারে, সে বিষয়ে  গণপূর্ত ও রাজউক থেকে বিস্তারিত কিছু জানানো হয় নি।

কমিটি আগামী বৈঠকে সে বিষয়ে রাজউক ও গণপূর্ত অধিদপ্তরকে বিস্তারিত জানাতে বলেছে।

বৈঠকে শেষে কমিটির সদস্য এ কে এম ফজলুল হক সাংবাদিকদের বলেন, “আগের দরপত্র বাতিল হয়ে যাওয়ায় নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। দরদাতারা আগের দরদাতাদের চেয়ে বেশি দাম উল্লেখ করে দরপত্র জমা দিয়েছে। যে কারণে ফ্ল্যাটের দাম বাড়বে।”

বৈঠকে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্পে ‘এ’ শ্রেণির ফ্ল্যাটের জন্য আবার নতুন করে ৯টি লটে (একটি লটে তিনটি ভবন) দরপত্র আহ্বান শেষে নতুন করে ৫টি লটের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আর বাকি লটগুলো দরপ্রস্তাবের অনুমোদনের অপেক্ষায় আছে।

অথচ এই প্রকল্পের কাজ শেষ করে ২০১৬ সালে ফ্ল্যাট হস্তান্তর করার কথা ছিল।

বৈঠকের কার্যপত্রে দেখা যায়, প্রথম পর্যায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা ফ্ল্যাট প্রকল্পের ৬১টি ভবন নির্মাণের দায়িত্ব পেয়েছিল সংসদ সদস্য এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ। আর ১৬টি ভবন নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ রিয়েল এস্টেটকে।

কিন্তু এই দুই প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় রাজউক চুক্তি বাতিল করে। এরপর ৭৭টি ভবন নির্মাণের দায়িত্ব ভাগাভাগি করে নেয় রাজউক ও গণপূর্ত বিভাগ।

Image
রাজউক ভবন (ফাইল ছবি)

রাজউক ভবন (ফাইল ছবি)

চুক্তি বাতিল হওয়ায় দুটি প্রতিষ্ঠানের জামানত বাবদ ১২০ কোটি ৫৮ লাখ ৬২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ২২৮ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকা।

এছাড়া বৈঠকে কমিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যার সমাধানে আরও বেশি পরিমাণে ফ্ল্যাট নির্মাণের সুপারিশ করে।

বৈঠকে রাজউক থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন রাস্তা, খাল, জলাশয় ও খাস জমি দখল করে ৩৫টি স্থাপনা নির্মিত হয়েছে। রাজউক এসব ভবনের মালিকদের সরকার অনুমোদিত নকশা জমা দেওয়ার জন্য চিঠি দিয়েছে। নকশা পাওয়ার পর এসব ভবন পরীক্ষা-নিরীক্ষা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গ্রহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, এ কে এম ফজলুল হক, আবু সালেহ মোহাম্মদ সাঈদ ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী অংশ নেন।

পুরনো খবর:

সেনাবাহিনীকে কাজ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির