২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীকে কাজ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

প্রতিরক্ষা বাহিনীকে ‘কর্পোরেট প্রতিষ্ঠানের’ মতো ব্যবহার নিয়ে সমালোচনার মধ্যে সেনাবাহিনীকে সরকারি ফ্ল্যাট নির্মাণের কাজ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় একটি কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

উত্তরায় ফ্ল্যাট নির্মাণের কাজ পেতে রাজউক এবং গণপূর্ত বিভাগের দর প্রস্তাবে অর্থের ফারাক বেশি দেখে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৃহস্পতিবারের বৈঠকে এই সুপারিশ করা হয়।

উত্তরায় রাজউকের প্রকল্পে ৭৭টি ফ্ল্যাট নির্মাণের কাজ বেসরকারি দুটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল ২০১২ সালে। কিন্তু প্রকল্পের কাজে অগ্রগতি না হওয়ায় তাদের বাদ দেওয়া হয়।

সংসদীয় কমিটির সভাপতি দবিরুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, গণপূর্ত ও রাজউক কাজ ভাগাভাগি করে নিয়েছে। কিন্তু রাজউক যে দর দিয়েছে, তা গণপূর্তের চেয়ে প্রায় দুই শতাংশ বেশি।

“এতে সরকারের ২০ কোটি টাকার মতো বেশি ব্যয় হবে। কমিটির প্রশ্ন, একই কাজের জন্য সরকারের দুটি প্রতিষ্ঠানের দরে এত পার্থক্য কেন থাকবে?

“মূলত নতুন করে দুর্নীতির ক্ষেত্র তৈরি করা হচ্ছে। সেজন্য কমিটি উত্তরা ফ্ল্যাট প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দিয়ে দিতে বলেছে।”

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী হাতিরঝিল প্রকল্পের পাশাপাশি সেতু সংস্কার, রাজধানীতে ফ্লাইওভার নির্মাণের কাজেরও দায়িত্ব পায়।

প্রতিরক্ষা বাহিনীকে এই ধরনের কাজে সম্পৃক্ত করার বিরোধিতা করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সম্প্রতি বলেন, যার যে কাজ তাকে সেখানেই সীমাবদ্ধ রাখা যৌক্তিক।

Image
গোমতী সেতুর সংস্কার কাজ উদ্বোধনের ছবি, যে কাজে সেনাবাহিনীও যুক্ত ছিল (ফাইল ছবি)

গোমতী সেতুর সংস্কার কাজ উদ্বোধনের ছবি, যে কাজে সেনাবাহিনীও যুক্ত ছিল (ফাইল ছবি)

“কিন্তু যখন দেখি, আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা সশস্ত্র বাহিনী ব্যাংক গড়ছে, গণপূর্ত বিভাগের সঙ্গে পাল্লা দিয়ে ঠিকাদারি কাজে লিপ্ত হচ্ছে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ব্যস্ত, তখন মনে ভয় জাগে, অদূর ভবিষ্যতে হয়ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেসরকারি সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা করতে হবে কি না।”

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা ফ্ল্যাট প্রকল্পের ৬১টি ভবন নির্মাণের দায়িত্ব পেয়েছিল সংসদ সদস্য এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ। আর ১৬টি ভবন নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ রিয়েল এস্টেটকে।

কিন্তু এই দুই প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় রাজউক চুক্তি বাতিল করে। এরপর ৭৭টি ভবন নির্মাণের দায়িত্ব ভাগাভাগি করে নেয় রাজউক ও গণপূর্ত বিভাগ।

সংসদীয় কমিটির বৈঠকে গণপূর্ত বিভাগ ও রাজউকের এই প্রকল্পের কাগজপত্র পর্যালোচনা করা হয় বলে জানানো হয়েছে।

দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে ছিলেন কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, সাধন চন্দ্র মজুমদার, একেএম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ ও নূরজাহান বেগম।

পুরনো খবর:

সশস্ত্র বাহিনী ‘কর্পোরেট বডি’ হয়ে যাচ্ছে: মিজানুর